কলেজে ভর্তি-বাণিজ্য বন্ধে ছাত্রলীগের অভিযোগ কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজে ভর্তি–বাণিজ্য ঠেকাতে চট্টগ্রাম নগর ছাত্রলীগ অভিযোগ কেন্দ্র খুলেছে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ এবং সাধারণ সম্পাদক নুরুল আজিম ছয়টি অভিযোগ কেন্দ্র খোলার ঘোষণা দেন।

নগরের চকবাজারের মতি টাওয়ার, নিউমার্কেটের ফুলকলি, প্রেসক্লাবের বাতিঘর, জিইসি মোড়ের সানমার ওশান সিটি, আগ্রাবাদের হোটেল জামান এবং বহদ্দারহাটের ওয়েল ফুড সেন্টারে ছয়টি অভিযোগ বাক্স থাকবে ছাত্রলীগের। একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পর অনিয়মসংক্রান্ত লিখিত অভিযোগ ভুক্তভোগী অভিভাবক বা শিক্ষার্থীরা এসব বাক্সে ফেলতে পারবেন।

গতকালের সমাবেশে নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ বলেন, শিক্ষা–বাণিজ্য রুখতে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের ঐক্যবদ্ধ হতে হবে। চট্টগ্রামের সব কলেজের ভর্তি কার্যক্রম নজরদারি করবে ছাত্রলীগ।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, কলেজে ভর্তির সময় কোনো শিক্ষার্থী সমস্যার মুখে পড়লে তার পাশে থাকবে ছাত্রলীগ। সরকার–নির্ধারিত ফির চেয়ে কোনো কলেজ অতিরিক্ত অর্থ নিলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে বাধ্য করবে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

 চলতি বছরের শুরুতে স্কুলে ভর্তিতে অনিয়ম ঠেকাতে ছাত্রলীগ আন্দোলন করেছে। তখনো নগরের ছয়টি মোড়ে অভিযোগ বাক্স স্থাপিত হয়েছিল। এতে নগরের ৬৮ স্কুলের ভর্তি কার্যক্রমে অনিয়ম পাওয়া যায়। পরে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কাছে সেই অভিযোগ হস্তান্তর করা হয়। প্রশাসন তা যাচাই–বাছাই করে ৪৬ প্রতিষ্ঠানকে তলব করেছিল। অভিযুক্ত স্কুলগুলোকে নির্ধারিত ফির অতিরিক্ত টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল চট্টগ্রাম জেলা প্রশাসন।