কলেজে যাওয়ার পথে ছাত্রীর শ্লীলতাহানি, প্রতিবাদে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কলেজে যাওয়ার পথে এক ছাত্রীর শ্লীলতাহানি করেছে আবদুর রাজ্জাক ফকির নামের এক বখাটে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভাটই গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনার প্রতিবাদে ওই কলেজের শিক্ষার্থীরা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। পরে বখাটে রাজ্জাক ফকিরকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।কলেজের শিক্ষার্থীরা জানায়, সকাল নয়টার দিকে উপজেলার পুকুরপাড় গ্রামের দুই ছাত্রী কলেজে যাচ্ছিল। পথে ভাটই গ্রামের একটি রাস্তায় আবদুর রাজ্জাক ফকির নামের এক ব্যক্তি তাদের একজনকে জাপটে ধরে যৌন হয়রানির চেষ্টা চালায়। এ সময় অপর ছাত্রী কাঁদতে কাঁদতে কলেজে পৌঁছে সহপাঠীদের বিষয়টি জানায়। একপর্যায়ে কলেজের কয়েক শ শিক্ষার্থী আবদুর রাজ্জাক ফকিরের বাড়ি ঘেরাও করে। পরে তারা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় সড়কের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। ফলে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়। পরে শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজমুল হক ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। দুপুর ১২টার পর যান চলাচল শুরু হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুপুরে বখাটে রাজ্জাককে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। রাজ্জাককে কারাগারে পাঠানো হয়েছে।