কলেজে হামলায় দুই কর্মচারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজে গত শনিবার একজন প্রভাষকের নেতৃত্বে হামলার ঘটনায় প্রতিষ্ঠানের দুজন কর্মচারী আহত হয়েছেন। এ সময় কলেজের আসবাব ভাঙচুর করা হয়। পুলিশ গতকাল রোববার হামলার শিকার ওই দুই কর্মচারীকে জেলহাজতে পাঠিয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ ওই প্রভাষকসহ আটজনের বিরুদ্ধে গতকাল থানায় মামলা করেছেন। সিংড়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক শাহাজুল ইসলাম ১০-১৫ জন সন্ত্রাসী নিয়ে গত শনিবার বেলা ১১টায় কলেজের অফিসকক্ষে যান। তিনি নিজেকে অধ্যক্ষ দাবি করে অফিস সহকারীকে তাঁর কাছে অধ্যক্ষের অফিসের কাগজপত্র জমা দিতে বলেন। এতে রাজি না হলে তাঁর নির্দেশে সন্ত্রাসীরা অফিসের আসবাব ভাঙচুর করে। অফিস সহকারী শহিদুল ইসলাম ও পিয়ন সায়েম উদ্দিন ভাঙচুরে বাধা দিলে সন্ত্রাসীরা তাঁদের মারধর করে। অধ্যক্ষের কক্ষে তাঁদের আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় সন্ত্রাসীরা। খবর পেয়ে সিংড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত কর্মচারীদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে শাহাজুল ইসলামের দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। রোববার দুপুরে তাঁদের পাঠানো হয় সিংড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে। আদালতের বিচারক না থাকায় পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।আহত শহিদুল ইসলাম আদালত চত্বরে সাংবাদিকদের বলেন, ‘শাহাজুল স্যার আমাদের অন্যায়ভাবে মারপিট করেছেন।’কলেজের অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের সমর্থক প্রভাষক শাহাজুল ইসলাম নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করেন এবং আমার কাজে বাধা দেন। এ ঘটনার সূত্র ধরে শনিবার কলেজে মারপিট ও ভাঙচুর চালানো হয়।’শাহাজুল ইসলাম তাঁর নেতৃত্বে হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি নিয়মমাফিক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছি। অফিস সহকারী শহিদুল ও পিয়ন সায়েম আমাকে মারপিটের উদ্যোগ নেওয়ায় স্থানীয় লোকজন তাদের আটক করে থানায় খবর দিয়েছিলেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।’সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গণি বলেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন। এ ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক হবে না।’