বগুড়ার ধুনট ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ উঠেছে৷ এ অভিযোগে গতকাল রোববার কলেজের কার্যালয়ের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
কয়েকজন শিক্ষার্থী জানান, ১ জুন থেকে ওই কলেজে স্নাতকে (পাস) ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তির ফি বাবদ এক হাজার ২০০ ও ফরমের জন্য ২৫০ টাকা এবং মসজিদের উন্নয়নের নামে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। গত কয়দিনে এই টাকা দিয়েই প্রায় ১৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ভর্তির শেষ সময় িছল গতকাল বিকেল চারটা। গতকাল সকালে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তুলে এর প্রতিবাদ করেন। কিন্তু অধ্যক্ষ তাঁদের এ অভিযোগ আমলে নেননি। একপর্যায়ে তাঁরা বেলা ১১টার দিকে কলেজের কার্যালয়ের কক্ষে তালা দিয়ে ভর্তির কার্যক্রম বন্ধ করে দেন এবং সেখানে বিক্ষোভ সমাবেশ করেন।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জহুরুল ইসলাম জানান, পাশের উপজেলার কলেজগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির জন্য ৭০০ টাকা করে নেওয়া হচ্ছে। এই কলেজে ভর্তি ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এ বিষয়ে অভিযোগ দিলেও অধ্যক্ষ আমলে নেননি৷ এ কারণে তালা দিয়ে ভর্তির কার্যক্রম বন্ধ করা হয়েছে।
অধ্যক্ষ আবু মার্জান মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা ভর্তির বিষয়ে সুবিধা আদায় করতে না পেরে কার্যালয়ের কক্ষে তালা দিয়ে ভর্তির কার্যক্রম স্থগিত করেছে।’