কলেজের জমি দখল করে বহুতল ভবন
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের জমি দখল করে হোসেন আলী নামের এক ব্যক্তি বহুতল ভবন ও সংলগ্ন একটি সড়কের ওপর সীমানাপ্রাচীর নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তিনি ওই জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছিলেন। পরে প্রশাসন অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে জমিটি কলেজ কর্তৃপক্ষকে ফিরিয়ে দেয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘ওই সম্পত্তির মালিক ফুলবাড়ী সরকারি কলেজ। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় হোসেন আলীর স্থাপনা ভেঙে ফেলে। পরবর্তীকালে হোসেন আলী সেখানে আবারও মিল-চাতাল ও বহুতল ভবন নির্মাণ করছেন। গত সোমবার ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছি।’
কলেজের অধ্যক্ষ রতন কুমার দেব বলেন, দক্ষিণ বাসুদেবপুর (ডাঙা) এলাকায় কলেজের দশমিক ৯৭ একর জমি রয়েছে। ওই জমির দশমিক ২৭ একর দখলে নিয়ে হোসেন আলী স্থাপনা নির্মাণ করছেন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ দখল উচ্ছেদের পর জমিটি কলেজের দখলে ছিল। এরপর ভুয়া কাগজপত্র তৈরি করে হোসেন আলী আবারও তা দখলে নিয়েছেন। অনেক চেষ্টা করেও তাঁরা জমিটি উদ্ধার করতে পারছেন না।
সোমবার সরেজমিনে দেখা গেছে, ফুলবাড়ী-বড়পুকুরিয়া সড়কের দক্ষিণ বাসুদেবপুর (ডাঙা) এলাকায় কলেজের জমিতে বহুতল ভবনের দ্বিতীয় তলার নির্মাণকাজ চলছে। একই সঙ্গে সড়কঘেঁষে সীমানাপ্রাচীর দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হোসেন আলী টাকার জোরে পুলিশ ও প্রশাসন হাতে রাখে এ কাজ করছেন। সীমানাপ্রাচীর নির্মিত হলে সড়ক দিয়ে চলাচলে এলাকাবাসীর সমস্যা হবে। এ কারণে কিছুদিন আগে এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দেয়।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে হোসেন আলী দাবি করেন, ‘অন্য কারও জমিতে নয়, নিজের জমিতে ভবন তৈরি করছি।’ তত্ত্বাবধায়ক সরকারের সময় স্থাপনা উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই সময় সেনাবাহিনীকে ভুল বোঝানো হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, কলেজ এবং স্থানীয় লোকজন এ ব্যাপারে তাঁর কাছে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।