কলেজের জমি বন্ধক রেখে ব্যাংকঋণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া কাগজপত্র তৈরি করে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নের কাজিরহাট এম এ হাসেম কলেজের মূল ভবনের ও আশপাশের জমি ব্যাংকে বন্ধক রেখে ১০ লাখ টাকা ঋণ নেওয়ার ঘটনা ধরা পড়েছে। সম্প্রতি ব্যাংকের পক্ষ থেকে পাওনা টাকা আদায়ের জন্য বন্ধক রাখা জমির নিলাম বিজ্ঞপ্তি জারি করায় বিষয়টি জানাজানি হয়।উদ্ভূত পরিস্থিতিতে জমির প্রকৃত মালিক আবুল খায়েরের আবেদনের পরিপ্রেক্ষিতে নিলাম বিজ্ঞপ্তির কার্যকারিতা কেন স্থগিত করা হবে না—এই মর্মে কারণ দর্শানোর জন্য গত বৃহস্পতিবার ব্যাংকের শাখা ব্যবস্থাপককে নির্দেশ দিয়েছেন আদালত। নোটিশ পাওয়ার এক কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।যোগাযোগ করা হলে সোনালী ব্যাংক জমিদারহাট শাখার ব্যবস্থাপক সৈয়দ আহমদ খান বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, তিনি এখনো নোটিশ হাতে পাননি। তবে নোয়াখালী আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক আজাদ কামাল বলেন, আদালতের আদেশের একটি কপি তিনি পেয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়া হবে। তবে বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিলাম স্থগিত থাকবে।ব্যাংক ও কলেজ সূত্রে জানা গেছে, ২০০৯ সালে আলাইয়াপুর গ্রামের মো. শাহ আলম ওরফে রাজু মেসার্স রিমন অটো অয়েল সেন্টার নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক পরিচয় দিয়ে সোনালী ব্যাংক জমিদারহাট শাখা থেকে ১০ লাখ টাকা ঋণ নেন। ঋণের বিপরীতে ব্যাংকের কাছে ৩৫৬ আলাইয়াপুর মৌজার প্রায় ৩৬ শতাংশ জমির ভুয়া কাগজপত্র তৈরি করে তা ব্যাংকে বন্ধক রাখেন। যথাসময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ২৮ জুন একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ঋণের পরিশোধিত কিস্তি বাদে পাওনা আট লাখ ৯৫ হাজার ১৯০ টাকা আদায়ে বন্ধক রাখা জমির নিলাম আহ্বান করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, বন্ধক রাখা জমির ২২৩ নম্বর দাগের ২২ শতাংশে রয়েছে কাজিরহাট এম এ হাসেম কলেজের মূল ভবন। আর ২২৭ নম্বর দাগের মালিক শাহ আলমের চাচা আবুল খায়ের। কলেজের অধ্যক্ষ ইসহাক সিকদার প্রথম আলোকে বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে তাঁরা নিজেরাও অবাক হয়েছেন। কারণ, ওই জায়গা শাহ আলম ও তাঁর ভাইয়ের কাছে থেকে কলেজের প্রতিষ্ঠাতা এম এ হাসেম ১৯৯৬ কিনে নিয়েছেন। এ-সংক্রান্ত কাগজপত্রও কলেজের নামে। ২২৭ নম্বর দাগের মালিক আবুল খায়েরের ছেলে রিয়াজ রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা চাচাতো ভাইদের কাছ থেকে ২০০১ সালে ওই দাগের ১৪ শতাংশ জমি সাফকবলামূলে কিনে নিই।’ ঋণগ্রহীতা শাহ আলম দেশের বাইরে থাকায় ভুয়া কাগজপত্র দাখিল করে ঋণ নেওয়ার বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শাহ আলমের বড় ভাই ঋণের জামিনদার মো. শাহজাহান বলেন, তিনি সরল বিশ্বাসে ভাইয়ের ঋণের জামিনদার হন। সম্প্রতি ব্যাংক থেকে জমি নিলাম আহ্বান করায় তিনিও বিষয়টি জেনেছেন। এ নিয়ে তিনি বিপাকে পড়েছেন।