কলেজের জমিতে পুনর্বাসনকেন্দ্র!
বান্দরবানে ‘প্রতিবন্ধী চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের’ নামে একটি প্রতিষ্ঠান সৃষ্টি করে বান্দরবান সরকারি কলেজের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। বান্দরবান ট্রাস্টের নামে দীর্ঘদিন চেষ্টা করেও কলেজের জমি দখল করতে না পেরে জেলা প্রশাসন প্রতিষ্ঠানটি সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে।জেলা প্রশাসক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) একটি প্রকল্প নিয়ে ওই জমিতে ২৫ লাখ টাকার ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। জেলা প্রশাসন দাবি করছে, তারা খাসজমিতেই জনকল্যাণমূলক প্রতিষ্ঠানটি করছে।সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলেজের জমির সীমানাদেয়ালের ভেতরে শ্রমিকেরা ভবন নির্মাণের কাজ করছেন। সেখানে কর্মরত রাজমিস্ত্রি আবদুল জব্বার জানান, প্রতিবন্ধী চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র (৭৫ ফুট বাই ২৬ ফুট) নির্মাণের জন্য তাঁরা কাজ নিয়েছেন। পাচউবো এ নির্মাণকাজ করছে। পাচউবোর সহকারী প্রকৌশলী মজিবুল আলম বলেন, ‘এটি জেলা প্রশাসকের প্রকল্প। তিনি যেখানে জায়গা দিয়েছেন, সেখানেই আমরা কাজ করছি। জায়গাটি কার আমরা জানি না।’জেলা প্রশাসন সূত্র জানায়, ১৯৮৯ সালে জেলা প্রশাসককে সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসককে (এডিসি সার্বিক) সাধারণ সম্পাদক করে বান্দরবান ট্রাস্ট গঠন করা হয়। তৎকালীন জেলা প্রশাসক বান্দরবান সরকারি কলেজের ৭ নম্বর হোল্ডিংয়ের ৩ দশমিক ৮০ একর জমি থেকে দশমিক ৮০ একর জমি খাস করে বান্দরবান ট্রাস্টের নামে পুনরায় বন্দোবস্ত দিয়েছেন। তখন থেকে জেলা প্রশাসকেরা কলেজের জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, যে দল ক্ষমতায় আসে, সেই দলের নেতাদের নিয়ে জেলা প্রশাসকেরা ট্রাস্টের কমিটি পুনর্গঠন করে থাকেন। বর্তমান জেলা প্রশাসক মিজানুর রহমান কয়েক মাস আগে বিএনপি-জামায়াত নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাদের নিয়ে নতুন কমিটি করেছেন। বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘জাতীয়করণের পর বিধি অনুযায়ী ১৯৮০ সালে তৎকালীন কলেজ পরিচালনা পর্ষদ কলেজের জমিসহ যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রপতির নামে হস্তান্তর করেছিলেন। রাষ্ট্রপতির নামে হস্তান্তরিত জমি খাস করার বা অন্য কোনো প্রতিষ্ঠানের নামে দেওয়ার জেলা প্রশাসকের কোনো এখতিয়ার নেই।’বান্দরবানের জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, ‘কলেজ অতিরিক্ত জায়গা দখল করে আছে। কলেজের জায়গার বাইরে পাচউবোর অর্থায়নে জনকল্যাণে বান্দরবান ট্রাস্ট ও প্রতিবন্ধী চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র করা হচ্ছে। এলাকার মানুষ যদি না চায়, তাহলে প্রতিষ্ঠানটি করা হবে না।’