কলেজের জমিতে প্রাচীর, গুঁড়িয়ে দিলেন ছাত্রীরা
নারায়ণগঞ্জের সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করার অভিযোগে গতকাল শনিবার ছাত্রীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা প্রচীরটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন।
কলেজের ছাত্রী ও শিক্ষকেরা বলেন, সোনারগাঁয়ের চিলারবাগ এলাকায় ২৫৪ শতক জমির ওপর ১৯৯৩ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। পরে এর চারদিকে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ সীমানা প্রাচীরের ভেতরে বালু ভরাট করে নিচু ভূমি উঁচু করে। গত সপ্তাহে সীমানাপ্রাচীরের ভেতরের কিছু জমি চিলারবাগ গ্রামের বাসিন্দা আবদুল হালিম ও হুমায়ূন কবির নিজেদের বলে দাবি করেন। গতকাল তাঁরা বিরোধপূর্ণ ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করা শুরু করেন। এ সময় প্রথমে কলেজের অধ্যক্ষ আমির হোসেন সরকার ও সহকারী অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়া বাধা দেন। আবদুল হালিম ও হুমায়ুন কবিরের লোকজন বাধা উপেক্ষা করে নির্মাণকাজ চালান এবং ওই দুই শিক্ষককে অপদস্থ করেন। এ খবর পেয়ে কলেজের ছাত্রীরা নির্বাচনী পরীক্ষা বর্জন করে সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় নির্মাণশ্রমিকেরা পালিয়ে যান। পরে পুলিশ ও স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন ঘটনাস্থলে এসে জমির পরিমাপ না হওয়া পর্যন্ত সীমানাপ্রাচীরের নির্মাণকাজ বন্ধ রাখার ঘোষণা দেন। পরে ছাত্রীরা বিক্ষোভ বন্ধ করে চলে যান।
হুমায়ূন কবির বলেন, ‘জমিটি আমাদের পারিবারিক সম্পত্তি। সব কাগজপত্র আমাদের রয়েছে। ভুল বুঝে কলেজের শিক্ষক ও ছাত্রীরা আমাদের সীমানাপ্রাচীর নির্মাণে বাধা দিয়েছেন।’
কলেজের অধ্যক্ষ আমির হোসেন সরকার বলেন, ‘কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ জমি কর্তৃপক্ষের দখলে রয়েছে। পরিমাপ না করে হঠাৎ করে এভাবে সীমানাপ্রাচীর নির্মাণ করে জমি দখল করা তাঁদের উচিত হয়নি।’