
রাজধানীর মহাখালীতে ফিজিওথেরাপি কলেজের জন্য নির্ধারিত জমিতে বস্তিঘর তুলে ভাড়া দিয়েছেন শ্রমিক লীগের নেতা নামধারী কয়েকজন ব্যক্তি ও কয়েকজন সরকারি কর্মচারী। আর নিজস্ব কলেজ ভবনের অভাবে শিক্ষার্থীরা ক্লাস করছেন নগরের বিভিন্ন চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে।
শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিগত মহাজোট সরকারের সময়ে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সঙ্গে তাঁরা কয়েক দফা দেখা করে কলেজ ভবন নির্মাণের আশ্বাস পেয়েছিলেন। কিন্তু নির্মাণকাজ না হওয়ায় তাঁরা চরম হতাশ। কলেজ ভবন নির্মাণের দাবিতে শিগগিরই তাঁরা আন্দোলনে যাবেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র ও ফিজিওথেরাপির শিক্ষার্থীরা জানান, দেশে স্নাতক কোর্সের জন্য স্বতন্ত্র ফিজিওথেরাপি কলেজ নেই। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) তিনটি শ্রেণিকক্ষে প্রায় ২০০ শিক্ষার্থীর ফিজিওথেরাপি শিক্ষা কার্যক্রম চলছে। এ ছাড়া, ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস করতে হয়। ২০০৮ সালের সেপ্টেম্বরে মহাখালীর আইপিএইচ (জনস্বাস্থ্য ইনস্টিটিউট) স্কুল অ্যান্ড কলেজের সীমানাপ্রাচীরের উত্তর পাশে বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপির জন্য সোয়া পাঁচ একর জমি বরাদ্দ করা হয়।
ফিজিওথেরাপির শিক্ষার্থীরা জানান, অনেক আন্দোলনের পর তাঁরা কলেজ ভবনের জন্য ওই জমি বরাদ্দ পেয়েছিলেন। ২০১০ সালের ১০ সেপ্টেম্বর ওই জায়গায় কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক। সীমানাপ্রাচীর নির্মাণের পর ভবন নির্মাণের কাজও শুরু হয়েছিল। কিন্তু স্থানীয় সন্ত্রাসীদের বাধায় নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পরে খালি ওই জমিতে দুই হাজারের বেশি বস্তিঘর গড়ে ওঠে।
আইপিএইচ বস্তি হিসেবে পরিচিত ওই বস্তিতে সম্প্রতি গিয়ে দেখা যায়, ওই ভিত্তিপ্রস্তর ও সীমানাপ্রাচীরের চিহ্ন নেই। আইপিএইচ স্কুলের সীমানাপ্রাচীরের উত্তর পাশে দাঁড়িয়ে আছে টিনের চালের অসংখ্য ছাপরা ঘর। বস্তিতে আছে অবৈধ বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ। সামনের সারির ছাপরাগুলো দোকান। একজন বস্তিবাসী জানান, তিনি ছোট দুটি ঘরের জন্য মাসে তিন হাজার টাকা ভাড়া দেন। বড় আয়তনের একটি ঘরের ভাড়া মাসে দুই হাজার টাকা। বস্তিতে মাদকদ্রব্যের ব্যবসাও হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৫০০ কোটি টাকা। বর্তমানে ঘরগুলো থেকে মাসে অন্তত ২৫ লাখ টাকা ভাড়া ওঠে।
কয়েকজন বস্তিবাসী জানান, এসব বস্তিঘরের মালিক বেশ কয়েকজন। তাঁদের মধ্যে আছেন নিজেদের শ্রমিক লীগের স্থানীয় নেতা পরিচয় দেওয়া দিদার, শাহ আলম, নাসির ওরফে হাতকাটা নাসির, তাঁদের সহযোগী আজিজ, আবদুল জলিল ওরফে ভঙ্কা জলিল, শামীম, সুমন, সোবহান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) ও আইপিএইচের বেশ কয়েকজন কর্মচারী। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করেন শ্রমিক লীগের নামধারীরা।
বনানী থানার নথিতে নাসির সন্ত্রাসী, তাঁর সহযোগী শামীম হত্যা মামলার আসামি। বনানী থানায় জলিলের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। চাঁদাবাজ হিসেবে পরিচিত দিদার, হাতকাটা নাসির তাঁর সহযোগীদের নিয়ে আওয়ামী লীগ সরকার এবার ক্ষমতায় আসার পর শ্রমিক লীগের নেতা বনে যান।
আবদুল জলিল নিজেকে আইপিএইচ মসজিদপাড়া ইউনিট শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক দাবি করে বলেন, ‘আইপিএইচ বস্তিতে আমার কয়েকটা ঘর আছে। আমার অপরাধ একটাই, আমি বস্তির ঘরে অবৈধ বিদ্যুৎ-সংযোগ দিই এবং এসব সংযোগ থেকে নিজের ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিই।’ তিনি জানান, র্যাবের ক্রসফায়ারে তিনি এক পা হারিয়েছেন, গুলিবিদ্ধ অন্য পা-ও অকেজো। তাঁর বিরুদ্ধে র্যাবের দেওয়া সাতটি মামলা আছে। তাঁর পাশাপাশি দিদার, নাসির, আজিজ ও শামীমও বস্তি নিয়ন্ত্রণ করেন।
ঘর তুলে ভাড়া দেওয়ার অভিযোগ থাকা অন্যদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে কয়েকজনের নম্বর বন্ধ পাওয়া যায়, অন্যরা ফোন ধরেননি। এ ছাড়া, নিপসম ও আইপিএইচের যেসব কর্মচারীর বিরুদ্ধে সেখানে ঘর তুলে ভাড়া দেওয়ার অভিযোগ আছে, বস্তিতে ও ওই দুটি প্রতিষ্ঠানে গিয়ে তাঁদের পাওয়া যায়নি।
স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেন, সন্ধ্যার পর ওই বস্তি ও এর আশপাশে ফেরি করে মাদকদ্রব্য বিক্রি হয়। ছিনতাইয়ের শিকার হচ্ছেন পথচারীরা। পুলিশ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের না ধরে নিরীহ বস্তিবাসীদের হয়রানি করে।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, আইপিএইচ বস্তি থেকে মাদক উদ্ধার ও মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করা হচ্ছে। আইপিএইচ বস্তিসহ বনানী থানা এলাকার বস্তিগুলো মাদকমুক্ত করতে জোরালো অভিযান শুরু হবে। তিনি বলেন, ওই জমিতে কলেজ গড়ে উঠলে বস্তি উঠে যাবে এবং এলাকাও মাদকমুক্ত হবে।
স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন প্রথম আলোকে বলেন, ফিজিওথেরাপি কলেজের জমি থেকে বস্তি উচ্ছেদের প্রক্রিয়া চলছে। শিগগির ওই বস্তি উচ্ছেদ করে কলেজের নির্মাণকাজ শুরু করা হবে।
ফিজিওথেরাপি শিক্ষায় সংকট: এদিকে নিজস্ব কলেজ ভবন না থাকায় এবং পর্যাপ্ত শিক্ষকের অভাবে ফিজিওথেরাপি শিক্ষায় সংকট চলছে। ফিজিওথেরাপি চতুর্থ বর্ষের ছাত্র নাইমউদ্দিন জানান, শিক্ষক-সংকটে তাঁরা সেশনজটে পড়েছেন। ফিজিওথেরাপি ক্লাস নিতে মাত্র চারজন শিক্ষক আছেন। শিক্ষকের ১৩টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। পঙ্গু হাসপাতালে তিনটিমাত্র শ্রেণিকক্ষ, ফলে ঠিকমতো ক্লাস হয় না। এসব সংকটে শিক্ষার মান কমছে। সম্প্রতি ডিপ্লোমা পাস করা চারজন ফিজিওথেরাপি টেকনোলজিস্টকে শিক্ষকের দায়িত্ব দেওয়া হলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।
বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটির সাবেক সভাপতি দলিলুর রহমান বলেন, দেশের মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ বাতব্যথা, পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইসিস), পঙ্গুত্ব ও বিকলাঙ্গ। এমন রোগীর প্রধান চিকিৎসা ফিজিওথেরাপি, কিন্তু ফিজিওথেরাপি পেশাকে একটি মহল অবজ্ঞা করছে। ফিজিওথেরাপি পেশাজীবী ও রোগীদের স্বার্থে ফিজিওথেরাপি কলেজ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
স্বাস্থ্যসচিব বলেন, ফিজিওথেরাপি শিক্ষার্থীদের সমস্যা ও সংকটের বিষয়ে তিনি ওয়াকিবহাল। কলেজ ভবন নির্মাণের পর এসব সমস্যার পর্যায়ক্রমে সমাধান করা হবে।