কলেজের জায়গায় 'যুবলীগ কার্যালয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজ ছাত্রবাসের জায়গা দখল করে নির্মিত সেই পাকা ঘর। শনিবার তোলা ছবি l প্রথম আলো
কলেজ ছাত্রবাসের জায়গা দখল করে নির্মিত সেই পাকা ঘর। শনিবার তোলা ছবি l প্রথম আলো

সিলেটের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজের জায়গা দখল করে ‘যুবলীগের কার্যালয়’ তৈরির উদ্দেশ্যে একটি পাকা ঘর নির্মাণ করেছেন জেলা ছাত্রলীগের সাবেক এক নেতা। কলেজ কর্তৃপক্ষ স্থাপনাটি উচ্ছেদের নোটিশ দিলেও নেতা তা মানছেন না।
এই নেতা হলেন সিলেট জেলা ছাত্রলীগের বরখাস্ত হওয়া সভাপতি হিরন মাহমুদ নিপু। বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সিপিবি-বাসদের বিভাগীয় সমাবেশে ছাত্রলীগ হামলা চালায়। ওই ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে ওই দিন রাতেই হিরন মাহমুদকে সংগঠনের পদ থেকে বরখাস্ত করে জেলা কমিটি বিলুপ্ত করা হয়।
কলেজের জায়গা দখল করে ‘মহানগর যুবলীগের কার্যালয়’ করার বিষয়ে হিরন মাহমুদ বলেন, ‘কলেজের আরও অনেক জায়গা দখল হয়েছে। সেগুলো উচ্ছেদে কলেজ কর্তৃপক্ষ কিছুই করে না। আমার বেলায় নোটিশ দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ সেসব জায়গা উচ্ছেদ করার নিশ্চয়তা দিলে আমিও পাকা ঘর নিজেই ভেঙে নেব।’
গত শনিবার সরেজমিন দেখা যায়, কলেজ ছাত্রাবাসের পাশে ছড়ার এক দিকে পাকা ঘরটি নির্মাণ করা হয়েছে। বালুচর প্রবেশমুখের রাস্তার দিকে মুখ করে নির্মাণ করা ভবনটির একাংশ ছড়া ও অপর অংশ কলেজের জায়গায় পড়েছে।
কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ২০১২ সালের ৮ জুলাই ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় কলেজের ছাত্রাবাস পোড়ানোর পর থেকে হিরন মাহমুদ বালুচর এলাকায় বসবাস শুরু করেন। বালুচরের বিভিন্ন মেস ও ভাড়া বাসায় শিবির কর্মী আছে কি না, সে বিষয়ে ‘নজরদারি’ করার জন্য তিনি যুবলীগের কার্যালয় স্থাপনে ৮ সেপ্টেম্বর থেকে তৎপরতা শুরু করেন। সম্প্রতি পাকা ঘরটির নির্মাণকাজ শেষ হয়েছে।
নগরের টিলাগড়ের টিলাবেষ্টিত এলাকায় এমসি কলেজের অবস্থান। শিক্ষানুরাগী রাজা গিরিশ চন্দ্র রায়ের পিতামহ মুরারীচাঁদের নামানুসারে ১৮৯২ সালে প্রতিষ্ঠা করা হয় কলেজটি। ১৯২১ সালে কলেজের এক পাশে প্রায় ২০ কেদার জায়গাজুড়ে নির্মিত হয় ছাত্রাবাস। ব্রিটিশ আমলের স্থাপত্যশৈলীর ‘সেমি পাকা আসাম টাইপ’ ছাত্রাবাস ভবনগুলোও ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে সমাদৃত।
ছাত্রাবাসের জায়গায় রাজনৈতিক সংগঠনের কার্যালয় হলে বালুচর রাস্তার পূর্ব দিকে থাকা কলেজের প্রায় ৫০ একর জায়গা অবৈধ দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ নিতাইচন্দ্র চন্দ বলেন, এই পাকা ঘর অপসারণে দখলদারদের গত বৃহস্পতিবার নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে অপসারণ করা না হলে আইনি ব্যবস্থার মধ্যে ছাত্রাবাসের জায়গা দখলমুক্ত করা হবে।
হিরন মাহমুদের মাধ্যমে ‘মহানগর যুবলীগের কার্যালয়’ স্থাপন হচ্ছে কি না, এমন প্রশ্নে সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘নিপু (হিরন মাহমুদ) ছাত্রলীগের বরখাস্ত হওয়া একজন নেতা। যুবলীগও করেন না। যুবলীগের নাম ভাঙালে আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে আমাদের অবস্থান পরিষ্কার করব।’