কলেজের দাবিতে মানববন্ধন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন এলাকা জাফলংয়ে কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শ্রমিক ও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।
গতকাল শনিবার বেলা ১১টায় জাফলংয়ের মামার বাজার পয়েন্টে ওই মানববন্ধন হয়। মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে জৈন্তাপুর তৈয়ব আলী কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাছানের সভাপতিত্বে এবং জৈন্তা ডিগ্রি কলেজের ছাত্র লিটন আহমেদ ও ইউছুব আহমেদের যৌথ পরিচালনায় বক্তব্য দেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুল হক ভুইয়া, সাংবাদিক মিনহাজ উদ্দিন, প্রজন্ম জাফলংয়ের সভাপতি মো. করিম মাহমুদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১০ দিনের মধ্যে জাফলংয়ে কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।