কলেজের নাম পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শচীন্দ্র ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের যড়যন্ত্র করার প্রতিবাদে গতকাল সোমবার শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন এবং সমাবেশ করেছেন। কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন।
কলেজ সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার নাগুড়া এলাকায় ১৯৯৮ সালে সাড়ে ছয় একর জায়গার ওপর শচীন্দ্র কলেজ স্থাপন করেন হবিগঞ্জ শহরের শচীন্দ্র লাল সরকার। তিনি সেই সময়ে ৩১ লাখ টাকায় কলেজের জন্য জমি কেনেন এবং ৪৭ লাখ টাকায় ভবন নির্মাণ করেন। বর্তমানে এখানে দুই হাজার ২৫ জন শিক্ষার্থী আছে। এ অবস্থায় পরিচালনা কমিটির একটি অংশ কলেজের নাম পরিবর্তনের চেষ্টা করছে। এর প্রতিবাদে গতকাল দুপুর ১২টা থেকে প্রায় এক ঘণ্টা শিক্ষার্থীরা কলেজের সামনে মানববন্ধন করে।
এ সময় তাদের সঙ্গে এলাকাবাসীও যোগ দেয়। পরে শহরের চৌধুরী বাজার এলাকায় সমাবেশে আবদুর রকিবের সভাপতিত্বে পিযুষ চক্রবর্তী, হুমায়ুন খান, স্বপন কুমার মজুমদার, বিপ্লব রায়, আহমেদ জামান খান, সজল রায় ও আবদুল মজিদ প্রমুখ বক্তব্য দেন।
শচীন্দ্র লাল সরকার লিখিত অভিযোগে উল্লেখ করেন, হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনের সাংসদ আবদুল মজিদ খান পরিচালনা কমিটির সভাপতি হওয়ার পর থেকে কলেজে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের মধ্যে রাজনীতি ও বিভক্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সাবেক অধ্যক্ষ হরিকৃষ্ণ রায় কলেজের বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেন। জেলা প্রশাসনের তদন্তেও তা প্রমাণিত হয়। অথচ সাংসদ এ অধ্যক্ষের চাকরির মেয়াদ শেষে অনাপত্তিপত্র দেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি জোরালো ভূমিকা রাখায় সাংসদসহ পরিচালনা কমিটির কয়েকজন সদস্য কলেজ থেকে তাঁর নাম মুছে ফেলার ষড়যন্ত্র করছেন।
পরিচালনা কমিটির সভাপতি ও সাংসদ আবদুল মজিদ খান বলেন, নাম পরিবর্তনের বিষয়টি অপপ্রচার। এর প্রমাণ অভিযোগকারী দেখাতে পারবেন না। সাংসদ আরও বলেন, সাবেক অধ্যক্ষ দুর্নীতি করেছেন কি না, তা তদন্তের বিষয়। কলেজের শিক্ষকদের মধ্যে রাজনীতি ও বিভক্তি ঢুকিয়ে দেওয়ার অভিযোগও ঠিক নয়।