কলেজের নামে জমি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের লবণচরায় হাজি আবদুল মালেক ইসলামিয়া কলেজের নামে ব্যক্তিমালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে। ওই জমিতে রাতারাতি টিনের ঘর তুলে ছাত্র মিলনায়তনের নামে একটি সাইনবোর্ডও টাঙিয়ে দেওয়া হয়েছে। দখল হয়ে যাওয়া জমির মালিক এ টি এম আতিকুর রহমান দাবি করেন, নগরের লবণচরা মৌজায় ১২ নম্বর খতিয়ানের ১৯৪ নম্বর দাগে ২৮ শতাংশ জমি ১৯৬৩ সালে সাজেম মোল্লার কাছ থেকে তিনি কিনে ভোগদখল করে আসছেন। কিন্তু গত ১৪ জুলাই হাজি আবদুল মালেক কলেজের পূর্ব পাশের জমি থেকে তাঁর সাইনবোর্ড সরিয়ে এবং সীমানাপ্রাচীর ভেঙে কলেজের নামে ২৮ শতাংশ জমি দখল করে নেওয়া হয়েছে। তাঁর জমির তিন পাশে প্রাচীর ও এক পাশে বাঁশের বেড়া দেওয়া ছিল। ঘটনার পরের দিন তাঁর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আতিকুর রহমান অভিযোগ করেন, কলেজ অধ্যক্ষ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনৈতিক প্রভাবশালীদের নাম ব্যবহার করে পুনরায় জমিতে বালু ভরাট করে দখল করেন। এ ব্যাপারে কলেজ পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মালেকের ছেলে মো. নূরুল আলম বলেন, ‘অধ্যক্ষ সম্পূর্ণ বেআইনিভাবে কলেজের পাশে আতিকুর রহমানের ২৮ শতাংশ জায়গা দখল করে টিনের ঘর তুলেছেন।’ তিনি জানান, তাঁর বাবা ও মায়ের নামে ৬১ শতাংশ জায়গার মধ্যে তাঁর বাবার অংশ ৩০ দশমিক ৫ শতাংশ জমি তিনি কলেজকে দান করে যান। কিন্তু কলেজ অধ্যক্ষ পুরো ৬১ শতক জমি দখল করে নিয়েছেন। এ ব্যাপারে তাঁরা আদালতে মামলা করলে তাঁদের পরিবারের পক্ষে রায় দেন আদালত। পরে অধ্যক্ষ উচ্চ আদালতে আপিল করেন।হাজি আবদুল মালেক ইসলামিয়া কলেজের অধ্যক্ষ দেলোয়ারা বেগম জানান, তাঁরা কারও জমি দখল করেননি। এই জমি কলেজের প্রতিষ্ঠাতা মৃত আবদুল মালেক কলেজকে দান করে গেছেন। কলেজের জমির দলিলপত্র সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কিছু জমি লিখিত আছে, কিছু অলিখিত আছে।’