কলেজের বাসে চেপে আ.লীগের কর্মসূচিতে

বগুড়ার সরকারি শাহসুলতান কলেজের শিক্ষার্থী পরিবহনের বাস নিয়ে গতকাল সোমবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা৷ এতে যাতায়াতে সাধারণ শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়৷
সংগঠন থেকে জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের সাতমাথার জেলা কার্যালয় থেকে বেলা ১১টায় শোভাযাত্রা বের করার কর্মসূচি ছিল বগুড়া জেলা আওয়ামী লীগের৷ শোভাযাত্রায় যোগ দেয় ছাত্রলীগের সব কলেজ কমিটি৷ অন্য কলেজ কমিটিগুলো নিজ নিজ ব্যবস্থায় কর্মসূচিতে যোগ দিলেও সরকারি শাহসুলতান কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজের একটি বাসে করে শোভাযাত্রায় আসেন৷
কলেজের শিক্ষার্থীরা বলেন, সকাল সাড়ে ১০টায় ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজের বাস নিয়ে ক্যাম্পাস থেকে সাতমাথা দলীয় কার্যালয়ের উদ্দেশে রওনা হন৷ এরপর তাঁরা সাতমাথার পৌরসভার গ্যারেজে বাসটি আটকে রেখে শোভাযাত্রায় যান৷ শোভাযাত্রা শেষে চলে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠান৷ অনুষ্ঠান শেষ হয় বেলা দুইটার দিকে৷ সোয়া দুইটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই বাসে করেই বনানী এলাকায় কলেজ ক্যাম্পাসে ফেরেন। কলেজের দুটি বাসের একটি ছাত্রলীগের নেতা-কর্মীরা দলীয় কাজে নিয়ে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ শিক্ষার্থীদের৷
বাসের চালক রফিকুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের সাতমাথায় নামিয়ে সেখানেই অপেক্ষা করেছি। অনুষ্ঠান শেষে দুপুরের দিকে তাঁদের বাসে নিয়ে ক্যাম্পাস পর্যন্ত পৌঁছে দিয়েছি৷’
কলেজ ছাত্রলীগের সভাপতি বিশ্বজিৎ কুমার সাহা বলেন, ‘বাসটি সাতমাথার দিকে যাচ্ছিল। আমরাও সেখানে শোভাযাত্রায় যোগ দিতে যাচ্ছিলাম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা বাসে উঠে পড়ি। সাতমাথায় নেমে যাওয়ার পর বাসটি ক্যাম্পাসে ফিরে এসেছে। আমরা কর্মসূচি শেষে নিজ নিজ উদ্যোগে ক্যাম্পাসে ফিরেছি।’
জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজি জুয়েল বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে সব সাংগঠনিক কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছিল। সবাই নিজ নিজ ব্যবস্থায় শোভাযাত্রায় এসেছে। কেউ কলেজের বাস নিয়ে শোভাযাত্রায় যোগ দিতে এলে সেটা জেলা ছাত্রলীগের দায় নয়৷’
কলেজের অধ্যক্ষ যোগেন্দ্র কুমার মণ্ডল বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ভবিষ্যতে যাতে এ রকম ঘটনা না ঘটে, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে৷