চট্টগ্রামের ওমরগনি এমইএস কলেজের ছাত্রী মেহজাবীন মেহেদী গত ২৯ মার্চ কলেজে গিয়ে যখন শুনলেন তাঁর এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র আসেনি, তখন প্রথম দফা মূর্ছা গেলেন। কলেজ থেকে প্রবেশপত্র দেওয়ার বিষয়ে আশাব্যঞ্জক তথ্য না পেয়ে তিনি গত মঙ্গলবার শেষ ভরসা হিসেবে বোর্ডে ছুটে যান। কিন্তু এখানে এসে জানতে পারেন, তাঁর এ সমস্যার কোনো সমাধান আপাতত হচ্ছে না। এ কথা শুনে সেখানেও মূর্ছা যান তিনি। একই কলেজে মেহজাবীনের মতো আরও কয়েকজন শিক্ষার্থী একই সমস্যায় পড়েছেন। কলেজ কর্তৃপক্ষ বলেছে, ‘বোর্ড থেকে পাঠানো পরীক্ষার আবেদনপত্রে সই না করায়’ তাঁদের প্রবেশপত্র তৈরি করা যায়নি। তবে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, এ জাতীয় কাগজপত্রে সই করার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ তাঁদের কিছু জানায়নি। মেহজাবীনের স্বজনেরা জানান, গত বছর রসায়ন ও উচ্চতর গণিতে ফলাফল খারাপ হওয়ায় এবার শুধু দুই বিষয়ে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি ছিল মেহজাবীনের। ২৬ ও ২৭ এপ্রিল এবং ১৭ ও ২০ মে এই পরীক্ষা হবে। কিন্তু প্রবেশপত্র না পাওয়ায় তাঁর পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।মেহজাবীনের এক বোন জানান, গত বছরের ডিসেম্বরে মেহজাবীন পরীক্ষার ফি জমা দেন। গত ২৫ মার্চ মেহজাবীন প্রবেশপত্রের জন্য কলেজে গেলে তাঁকে ২৮ মার্চ যোগাযোগ করতে বলা হয়। তিনি ২৯ মার্চ কলেজে গিয়ে জানতে পারেন তাঁর প্রবেশপত্র আসেনি। এ কথা শুনেই সেখানে মূর্ছা যান মেহজাবীন। পরে জানতে পারেন পরীক্ষার আবেদনে সই না থাকায় তাঁর মতো আরও কয়েকজনের প্রবেশপত্র আসেনি। কলেজের অধ্যক্ষ তাঁদের ১ এপ্রিল যোগাযোগ করতে বলেন। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। কারণ, সেদিনও তিনি প্রবেশপত্রের ব্যবস্থা করে দিতে পারেননি। মেহজাবীনের বোনের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ তাঁদের কোথাও সই করতে বলেনি।এ ব্যাপারে গত মঙ্গলবার বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেও তাঁরা হতাশ হয়েছেন বলে জানান।এ ব্যাপারে ওমরগনি এমইএস কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ‘কলেজের চার-পাঁচজন পরীক্ষার্থী এ ধরনের সমস্যায় পড়েছে বলে জেনেছি। বোর্ড থেকে পাঠানো পরীক্ষার আবেদনপত্রে সই না করায় তাদের প্রবেশপত্র তৈরি করা যায়নি। সই করার ব্যাপারটি পুরোনোদের জানার কথা। তবু আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি তাদের পরীক্ষার অংশগ্রহণ নিশ্চিত করতে। আমি কথা দিচ্ছি, এসব পরীক্ষার্থীর কাছ থেকে আগামী বছর কোনো পরীক্ষার ফি নেওয়া হবে না।’চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা বিভিন্ন কলেজ কর্তৃপক্ষের ভুলভ্রান্তির কারণে যেসব শিক্ষার্থীর প্রবেশপত্র পেতে অসুবিধা হয়েছে, পরীক্ষার আগের দিন পর্যন্ত তাদের সমস্যার সমাধান করেছি। কিন্তু এখন আর কারও জন্য নতুন করে প্রবেশপত্রের ব্যবস্থা করার কোনো সুযোগ নেই। এসব বিষয়ে কারও কাছ থেকে কোনো অভিযোগ করলে তা তদন্ত করে আমরা ব্যবস্থা নেব।’