কলেজের ভেতর দিয়ে হচ্ছে এলাকাবাসীর চলাচলের রাস্তা
শিক্ষক ও শিক্ষার্থীদের বাধা সত্ত্বেও অবশেষে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ক্যাম্পাসের ভেতর দিয়ে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বলেছে, স্থানীয় বাসিন্দাদের চলাচলের জন্য বিকল্প রাস্তা থাকলেও পৌর কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির ভেতর দিয়ে রাস্তা তৈরি করছে। এর ফলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হবে। এদিকে এ রাস্তা তৈরির প্রতিবাদে শিক্ষার্থীরা গত মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে ভাঙচুর করেছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, টেকনিক্যাল স্কুল ও কলেজসংলগ্ন কয়েকজন প্রভাবশালী বাসিন্দা তাঁদের চলাচলের সুবিধার্থে প্রতিষ্ঠানটির ভেতর দিয়ে রাস্তা তৈরির তদবির চালিয়ে আসছিলেন। পৌর কর্তৃপক্ষ সম্প্রতি এ রাস্তা তৈরির অনুমতি দেয়। এ কাজের জন্য একজন ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়। গত রোববার থেকে রাস্তা তৈরির কাজ শুরু হয়।শিক্ষার্থীরা আরও জানান, রাস্তা তৈরি করতে গিয়ে ইতিমধ্যে শতবর্ষী কিছু গাছ কেটে ফেলা হয়েছে। যার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। এ ছাড়া কলেজের সাইকেল গ্যারেজ ও পাকা শৌচাগারও ভেঙে ফেলা হচ্ছে। এ ব্যাপারে পৌর মেয়রের সঙ্গে কথা বলা যায়নি। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সরোয়ার বলেন, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে রাস্তা তৈরি করা হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে কলেজের কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, রাস্তা তৈরির কাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার শিক্ষার্থীদের আন্দোলনমুখর করার অজুহাতে শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। ঠিকাদার মিজানুর রহমান বলেন, পৌর কর্তৃপক্ষ অনুমতি দেওয়ায় তিনি রাস্তা তৈরি করছেন। পৌর কর্তৃপক্ষ নির্দেশ দিলে তিনি তৎক্ষণাৎ রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেবেন। শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করার কথা তিনি অস্বীকার করেন।