কলেজের মাঠ জলাবদ্ধ তিন মাস
নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের খেলার মাঠ প্রায় তিন মাস ধরে জলাবদ্ধ হয়ে আছে। পৌর এলাকায় পানি সরবরাহ করতে একটি বেসরকারি সংস্থা কালভার্ট বন্ধ করে পানির ট্যাংক তৈরি করায় এ অবস্থা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা সদরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যবহৃত এ মাঠটি জলাবদ্ধ থাকায় প্রতিযোগিতা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করা সম্ভব হচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, আশপাশের ছয়টি মাধ্যমিক বিদ্যালয় ও ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার জন্য এ মাঠটি ব্যবহার করে। এসব বিদ্যালয়ের খেলাধুলার বিভিন্ন প্রশিক্ষণ ও প্রতিযোগিতা, এলাকাবাসীর ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা এবং সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য উপজেলা সদরের এ মাঠটিই ভরসা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কলেজের দক্ষিণ পাশে বিশাল খেলার মাঠ। মাঠজুড়ে পানি জমে আছে। পাশেই জেলা পরিষদের জায়গা। এর দক্ষিণ পাশে পাকা সড়ক। এ সড়কে একটি কালভার্ট আছে। ওই কালভার্ট দিয়ে আগে পানি নিষ্কাশন হতো। এখন সেটির উত্তর দিকের মুখ বন্ধ করে জেলা পরিষদের জায়গায় সংগতি সমাজকল্যাণ সংস্থা নামে একটি বেসরকারি সংস্থা পানির ট্যাংক তৈরি করেছে।
সংগতি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক লিপি খানম বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সহযোগিতায় পৌর এলাকায় পানি সরবরাহ করতে জেলা পরিষদের জায়গা ইজারা নিয়ে ওই পানির ট্যাংক করা হয়েছে। তিনি বলেন, খেলার মাঠটি রক্ষা করতে তাঁরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসান আলী দেওয়ান বলেন, ‘পানির ট্যাংক করতে গিয়ে কালভার্টের মুখ বন্ধ হয়ে গেছে। তাই খেলার মাঠের পানি অপসারিত হচ্ছে না। এখন পরিকল্পিতভাবে নালা (ড্রেন) তৈরি করে মাঠের পানি অপসারণ সম্ভব। সংশ্লিষ্ট মহলে এ নিয়ে কথাবার্তা বলছি। কিন্তু কিছু করতে পারিনি।’
হাসান আলী দেওয়ান বলেন, আরও অন্তত তিন মাস এ অবস্থা থাকবে। এতে খেলার মাঠটি নষ্ট হয়ে যাবে। মাঠে পানি থাকায় ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারছে না। কোনো প্রতিযোগিতারও আয়োজন করা যাচ্ছে না।
লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দিলীপ চক্রবর্তী বলেন, ‘আমাদের বিদ্যালয় শীতকালীন অ্যাথলেটিকস প্রতিযোগিতায় টানা অষ্টমবার দেশসেরা হয়েছে। এর প্রশিক্ষণ সকাল-বিকেল এ মাঠেই হতো।’
লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র সৈয়দ নাহিদ বলে, এ মাঠে নিয়মিত ক্রিকেট খেলা হতো। তিন মাস ধরে তা বন্ধ আছে। লোহাগড়া পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর বলেন, এ জলাবদ্ধতা মানবসৃষ্ট দুর্যোগ। পানির ট্যাংক এবং অন্য পাশে বসতি গড়ে ওঠার কারণে পানি অপসারণের কালভার্টটি বন্ধ হয়ে গেছে।