কলেজের মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও শিক্ষকেরা। দুপুর ১২টায় কলেজের সামনের সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কে এই মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ আলী আহমদ, সহকারী অধ্যাপক সাজিনুর রহমান, প্রভাষক মেহেদী হাসান, ফজলুল করিম প্রমুখ।
বক্তারা জানান, কলেজের খেলার মাঠের ৩০ শতক জমি এলাকার একটি পক্ষ দখল করে নিয়েছে। কলেজের পক্ষ থেকে দখল করা জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান, স্থানীয় সাংসদ পীর ফজলুর রহমান ওরফে মিসবাহ, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামকে অনুরোধ করা হয়েছে। ওই জমি উদ্ধার করা না হলে কঠোর আন্দোলনে যাবেন তাঁরা।