কলেজের সামনে ‘বাসস্টপেজ’
ময়মনসিংহের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান মুমিনুন্নিসা সরকারি কলেজের ফটকের সামনেই থামানো হচ্ছে বিভিন্ন পরিবহনের বাস (বাসস্টপেজ)। ঢাকা-জামালপুর, ঢাকা-মুক্তাগাছা ও ময়মনসিংহ হতে উত্তরবঙ্গগামী সব পরিবহনের বাস কলেজের ফটকের সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে যাত্রী ওঠানো ও ভেঁপু বাজানোয় কলেজের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। মুমিনুন্নিসা সরকারি কলেজের অধ্যক্ষ মো. খুরশেদ উদ্দিন ঠাকুর বলেন, কলেজে বর্তমানে নয়টি বিষয়ে সমঞ্চান ও স্নাতকোত্তর এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে মোট ছয় হাজার শিক্ষার্থী রয়েছে। গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বাস থামিয়ে রাখায় কলেজে পড়ালেখার পরিবেশ নষ্ট হচ্ছে। এ বিষয়ে একাধিক বার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সমাধান হচ্ছে না। সরেজমিনে দেখা যায়, গাড়ির বিকট ভেঁপুর কারণে উচ্চমাধ্যমিকের আটটি শ্রেণীকক্ষে শিক্ষা কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে। উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী তানিয়া, সুমাইয়া হক ও অসিঞ্চতা বলে, ‘সারাক্ষণ গাড়িতে যাত্রী ওঠানোর হইচই আর হর্ন বাজানোর কারণে শ্রেণীকক্ষে শিক্ষকদের কথা বুঝতে খুবই সমস্যা হয়।’ কলেজের উপাধ্যক্ষ মো. আবু তাহের বলেন, প্রতি মাসে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা হয়। সেখানে শিক্ষক প্রতিনিধি হিসেবে ২০০৮ সাল থেকে বেশ কয়েকবার তিনি নিজে সংকট নিরসনের জন্য অনুরোধ করেন। তিনি আরও জানান, দুই সপ্তাহ আগেও জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় ও পৌর মেয়রের কাছে লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া প্রথম আলোকে বলেন, ‘এটি পৌরসভার কাজ। বিষয়টি পৌর মেয়রকে দেখতে অনুরোধ করেছি।’ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক বর্তমানে সরকারি সফরে দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।জেলা পরিবহন মালিক সমিতির সম্পাদক (কোচ বিভাগ) বিকাশ সরকার প্রথম আলোকে বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান বলেন, ‘বিষয়টি ইতিমধ্যে ট্রাফিক বিভাগকে জানানো হয়েছে। খুব শিগগির এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’