মানবতাবিরোধী অপরাধের বিচার:যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ
কলেজের হিন্দু শিক্ষকদের চিনিয়ে দেন আজহার
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপনকালে গতকাল রোববার রাষ্ট্রপক্ষ বলেছে, মুক্তিযুদ্ধকালে আজহার রংপুর কারমাইকেল কলেজের ছাত্র ছিলেন। পাকিস্তানি সেনাদের তিনি তাঁর কলেজের হিন্দু শিক্ষকদের চিনিয়ে দিলে চার শিক্ষককে অপহরণের পর হত্যা করা হয়।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগভিত্তিক যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল। গতকাল পর্যন্ত আজহারের বিরুদ্ধে প্রথম পাঁচটি অভিযোগের বিষয়ে যুক্তি দেওয়া শেষ হয়। আজ সোমবার সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ অভিযোগের বিষয়ে যুক্তি দেবে রাষ্ট্রপক্ষ।
আসামির কাঠগড়ায় আজহারুলের উপস্থিতিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি যুক্তিতে বলেন, একাত্তরের ২২ এপ্রিল ময়মনসিংহের জামালপুরে (তৎকালীন ময়মনসিংহ জেলার একটি মহকুমা) আলবদর বাহিনী গঠন করা হয়। পরে ওই বাহিনীর প্রধান হন ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) তৎকালীন কেন্দ্রীয় সভাপতি আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। একাত্তরের ২৪ এপ্রিল জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম-এ এ-সংক্রান্ত প্রতিবেদন ছাপা হয়েছিল। মূলত বুদ্ধিজীবীদের নিধনের লক্ষ্যে ছাত্র সংঘের নেতা-কর্মীদের দিয়ে আলবদর বাহিনী গঠন করা হয়েছিল। ওই সময় রংপুরে আলবদর বাহিনী গঠিত না হলেও ছাত্র সংঘের রংপুর শহর কমিটির সভাপতি হিসেবে আজহার একটি সংঘবদ্ধ দলকে নেতৃত্ব দেন।
পঞ্চম অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপনকালে তাপস কান্তি বল বলেন, এ অভিযোগের বিষয়ে একজন ক্ষতিগ্রস্ত নারী সাক্ষ্য দিয়েছেন। একাত্তরে ঘটনার সময় তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি পাকিস্তানি সেনাদের ধর্ষণের শিকার হন, পরে তাঁকে রংপুর টাউন হলে নিয়ে আটকে রেখে নির্যাতন করা হয়। ক্ষতিগ্রস্ত ওই নারী জবানবন্দিতে বলেছেন, পাকিস্তানি সেনাদের সঙ্গে আজহারুল ইসলামও ছিলেন। রংপুর টাউন হলকে তখন নির্যাতনকেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো।
আজহারের বিরুদ্ধে পঞ্চম অভিযোগে বলা হয়েছে, মুক্তিযুদ্ধকালে রংপুর শহর ও আশপাশের এলাকা থেকে নারীদের ধরে এনে রংপুর টাউন হলে আটকে রেখে ধর্ষণসহ শারীরিক নির্যাতন চালানো হতো। এসব ঘটনায় পাকিস্তানি সেনাদের সঙ্গে আজহারুল জড়িত ছিলেন।
১৮ আগস্ট আজহারুলের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল রাষ্ট্রপক্ষ পঞ্চম দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে।
গত বছরের ১২ নভেম্বর আজহারুলের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ গঠন করা হয়। ২৬ ডিসেম্বর থেকে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১৯ জন, আসামিপক্ষে একজন। ২০১২ সালের ২২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজহারুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পর থেকে তিনি কারাগারে আটক আছেন।