কলেজ-বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইতিহাস বাধ্যতামূলক করতে হবে: মেনন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বর্তমান প্রজন্ম ক্রমেই ইতিহাসবিমুখ হয়ে শিকড়চ্যুত হয়ে পড়ছে। বাঙালির গৌরবোজ্জ্বল অতীত তারা জানে না। এটি একটি অশনিসংকেত। এ থেকে উত্তরণে সব কলেজ, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ও মাতৃভাষা বাংলাকে কারিকুলামে বাধ্যতামূলক করতে হবে।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ ইতিহাস পরিষদের ৪৭তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে বর্তমান প্রজন্মের ধারণা অতি সামান্য। মাতৃভাষা চর্চার প্রতি এদের অনীহা। অথচ এ দেশের তরুণেরাই ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬২-এর শিক্ষা কমিশন আন্দোলন, ’৬৯-এর গণ-অভ্যুত্থান এবং ’৭১-এ মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, ইতিহাস সময়ের প্রতিবিম্ব। বর্তমানকে বুঝতে হলে অতীতকে জানতে হবে। একটি জাতির উত্থান, অগ্রগতি ও বিকাশকে ধারণ করে ইতিহাস। আঞ্চলিক ও স্থানীয় গৌরবগাথার বিস্মৃত অধ্যায়গুলো ইতিহাসের পাতায় তুলে আনতে হবে। এর মধ্য দিয়ে জাতীয় ইতিহাসের ভিত দৃঢ় হবে। আর ইতিহাসের সৌন্দর্য সবার কাছে তুলে ধরতে মাতৃভাষায় ইতিহাসের চর্চা বাড়াতে হবে।
সম্মেলনে চারটি আলাদা অধিবেশনে স্থানীয় ইতিহাস, নগরায়ণ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ এবং স্বাস্থ্য পরিবেশ ও অন্যান্য—এসব বিষয়ে বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মোট ১৫টি প্রবন্ধ উপস্থাপন করেন। এর মধ্যে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, জগন্নাথ ও বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রয়েছে। ভারতের বিশ্বভারতী, রবীন্দ্রভারতী ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রথম অধিবেশনে ‘আঞ্চলিক ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কলকাতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সন্দীপ বসু সর্বাধিকারী।
দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ইতিহাস পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আখতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।