কলেমার দাওয়াত সংগঠনের ১১ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা উপজেলায় ‘কলেমার দাওয়াত’ নামের একটি সংগঠনের ১১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের লঞ্চঘাট এলাকার একটি বাসা থেকে বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শহরের ছোট পাথরঘাটা এলাকায় স্থানীয় শাহজাহান হাওলাদারের বাসায় তাঁরা ভাড়া থাকতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছে কলেমার দাওয়াত নামের একটি সংগঠনের হয়ে তাঁরা কাজ করতেন। এ সময় তাঁদের কাছ থেকে কলেমার দাওয়াতের বিভিন্ন পরিকল্পনার একটি ডায়েরি ও পাকিস্তানের বিচারপতি তকি ওসমানের ইসলামি খুতবাসহ কয়েকটি ইসলামি বই উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ফিতা, কলমসহ ফেরি করে বিক্রির কিছু মালামালও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন আলাউদ্দিন, জহিরুল ইসলাম, মাইনুদ্দিন, ইমরান হোসেন, আল আমীন, শাহীন, জলিল সিকদার, আলী হোসেন, ইব্রাহিম, আল-আমীন ও খায়রুল ইসলাম।