কলের লাঙলে হালচাষ তাতেও সিন্ডিকেট
ঠাকুরগাঁওয়ে চলতি আমন মৌসুমে জমিতে হালচাষের জন্য ভাড়া নির্ধারণে কলের লাঙলের (ট্রাক্টর) মালিকদের মধ্যে সিন্ডিকেট করার অভিযোগ পাওয়া গেছে। ফলে আমন চাষিরা ট্রাক্টর-মালিকদের বেঁধে দেওয়া বাড়তি ভাড়ায় জমিতে হালচাষ করাতে বাধ্য হচ্ছেন। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক।ঠাকুরগাঁও সদর উপজেলার মুজাবনী গ্রামের কৃষক আবদুল বারেক অভিযোগ করেন, জেলায় ট্রাক্টর-মালিকেরা সিন্ডিকেট করে ভাড়া বাড়ানোয় সম্প্রতি তিনি পঞ্চগড়ের বোদা উপজেলায় গিয়ে ৪০০ টাকা কম দরে দুই একর জমি হালচাষের জন্য এক ট্রাক্টর-মালিকের সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ওই মালিকের ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ শুরু করেন তিনি। কিন্তু স্থানীয় ট্রাক্টর-মালিকেরা ওই ট্রাক্টরের চালককে মারধর করে তাড়িয়ে দেন।আবদুল বারেক আরও অভিযোগ করেন, জেলার ট্রাক্টর-মালিকেরা নিজেদের মধ্যে সিন্ডিকেট করে জেলার সব জায়গায় একই দর নির্ধারণ করে দিয়েছেন। যেখানে জেলার বাইরের ট্রাক্টর-মালিকেরা এক একর জমি হালচাষের জন্য নিচ্ছেন ৮০০ টাকা, সেখানে সমপরিমাণ জমি চাষ করতে স্থানীয় ট্রাক্টর-মালিকেরা নিচ্ছেন এক হাজার টাকা। এতে জেলার কৃষকদের এক একর জমিতে আমন ধান উৎপাদনে ২০০ টাকা বাড়তি খরচ করতে হচ্ছে।খড়িবাড়ি গ্রামের চাষি আবু বকর সিদ্দিক বলেন, জেলার সব জায়গাতেই ট্রাক্টর দিয়ে জমি চাষের একই দর নির্ধারণ করা হয়েছে। ট্রাক্টর-মালিকেরা নিজেদের মধ্যে মুঠোফোনে যোগাযোগ করে এই দর নির্ধারণ করেছেন। গত বছর এক একর জমি হালচাষের জন্য ট্রাক্টরের ভাড়া ছিল ৭০০ টাকা। এ বছর ভাড়া বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। এতে জেলার কৃষকদের আমন উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।জগন্নাথপুর গ্রামের আরেক চাষি জগেশ্বর রায় অভিযোগ করেন, জেলার বাইরে থেকে স্থানীয় দরের চেয়ে একরপ্রতি ২০০ টাকা কমে তিনি ট্রাক্টর ভাড়া করেন। কিন্তু স্থানীয় ট্রাক্টর-মালিকেরা ওই ট্রাক্টর দিয়ে হালচাষে বাধা দেন এবং ট্রাক্টরসহ চালককে তাড়িয়ে দেন। তাঁর মতো আরও কয়েকজন কৃষক একই অভিযোগ করেন। সম্প্রতি ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলীও সিন্ডিকেট করে ট্রাক্টর-মালিকদের অতিরিক্ত ভাড়া নির্ধারণের অভিযোগ করেন।ঠাকুরগাঁওয়ের ট্রাক্টর-মালিক মনিরুল হুদা বলেন, ‘অভিযোগ সঠিক নয়। ট্রাক্টর ভাড়ার দর নির্ধারণ করা হয় ডিজেলের খরচ, রক্ষণাবেক্ষণ ও চালকের মজুরির ওপর।’ অপর ট্রাক্টর-মালিক সাইফুল ইসলাম বলেন, ‘গত বছর ডিজেলসহ অন্যান্য খরচ কম ছিল। এবার আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় দর বাড়াতে হয়েছে।’ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বেলায়াত হোসেন জানান, হালচাষে ট্রাক্টর-মালিকদের সিন্ডিকেটের বিষয়টি তাঁর জানা নেই।