কলেরা গবেষণায় সম্মানজনক পুরস্কার এক বাংলাদেশির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক শফিকুল ইসলামের টুইটার পেজ।
অধ্যাপক শফিকুল ইসলামের টুইটার পেজ।
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক শফিকুল ইসলাম। ছবিটি তাঁর টুইটার থেকে নেওয়া।
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক শফিকুল ইসলাম। ছবিটি তাঁর টুইটার থেকে নেওয়া।

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক শফিকুল ইসলাম কলেরাবিষয়ক গবেষণায় সাফল্যের জন্য সম্মানজনক পুরস্কার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ওয়াটার (পিএসআইপিডব্লিউ) পেয়েছেন।
পিএসআইপিডব্লিউর ওয়েবসাইট থেকে জানা গেছে, সপ্তম পিএসআইপিডব্লিউ পুরস্কার ৫ অক্টোবর ঘোষণা করা হয়। আগামী ২ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হবে। ওই আয়োজনে সভাপতিত্ব করবেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
স্যাটেলাইট ডেটার মাধ্যমে পাওয়া ক্লোরোফিল তথ্য বিশ্লেষণ করে কলেরার প্রাদুর্ভাব সম্পর্কে তিন থেকে ছয় মাস আগে আগাম বার্তা দেওয়ার কৌশল আবিষ্কারের জন্য সৃজনশীল শাখায় টাফটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিকুল ইসলাম এ পুরস্কার অর্জন করেন। একই বিষয়ে কাজের জন্য তাঁর সঙ্গে পুরস্কার ভাগাভাগি করে নিচ্ছেন ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের রিটা কলওয়েল। পুরস্কারের ২ লাখ ৬৬ হাজার ডলার তাঁরা ভাগাভাগি করে নেবেন।
রিটা কলওয়েল স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে পূর্ব এশিয়ায় কলেরার পূর্বাভাস সম্পর্কে একটি মডেল দেন। শফিকুল ইসলাম মার্কিন মহাকাশ সংস্থা নাসার স্যাটেলাইট তথ্য ব্যবহার করে বঙ্গোপসাগর এলাকায় রিটার মডেলের সফল প্রয়োগের পাশাপাশি আরেকটি মডেল দেন। একই বিষয়ে দুজনের গবেষণার জন্য এ বছর তাঁদের পুরস্কৃত করা হয়েছে বলে পিএসআইপিডব্লিউ জানিয়েছে।
শফিকুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি ইউনিভার্সিটি অব মেইন ও এমআইটিতে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। বর্তমানে তিনি টাফটস বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত।

বাবা অধ্যাপক শফিকুল ইসলামের অর্জনে অভিনন্দন জানিয়ে মেয়ে মাইয়া মজুমদারের টুইট। ছবিটি তাঁর টুইটার থেকে নেওয়া।
বাবা অধ্যাপক শফিকুল ইসলামের অর্জনে অভিনন্দন জানিয়ে মেয়ে মাইয়া মজুমদারের টুইট। ছবিটি তাঁর টুইটার থেকে নেওয়া।

২০০২ সাল থেকে সৌদি আরবভিত্তিক এই পুরস্কারটি দুই বছর পরপর দেওয়া হচ্ছে। এর প্রবর্তন করেন প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ। বিশ্বব্যাপী পানিবিষয়ক গবেষণার মাধ্যমে নতুন নতুন আবিষ্কারের জন্য বিজ্ঞানী ও গবেষকদের স্বীকৃতি জানায় পিএসআইপিডব্লিউ। এবার এই পুরস্কার পাচ্ছেন সাতজন।