কলেরার জিনগত কারণ অনুসন্ধানে নতুন প্রয়াস
মানবদেহে কলেরা রোগের প্রবণতা তৈরিতে প্রভাব বিস্তারকারী জিনগত বিভিন্ন কারণ অনুসন্ধানে নতুন একটি পদ্ধতি ব্যবহার করেছে আন্তর্জাতিক গবেষকদের একটি দল। এই দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল (এমজিএইচ), দ্য ব্রড ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর, বি) বিজ্ঞানীরা।
গবেষণা দলের সদস্য রেজিনা লারোক বলেন, কলেরার কারণ অনুসন্ধানে তাঁদের ব্যবহূত পদ্ধতিটি এই প্রথম ব্যবহার করা হলো। এর মাধ্যমে কলেরার জন্য দায়ী জিনগুলো শনাক্তকরণে সাফল্যের ব্যাপারে তাঁরা আশাবাদী।
আক্রান্ত রোগীর ক্ষুদ্রান্ত্রের কোষ থেকে অতিরিক্ত পানি নির্গমন নিয়ন্ত্রণ এবং কলেরার জন্য দায়ী ব্যাকটেরিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসের কারণগুলো এই গবেষণায় অনুসন্ধান করা হয়।
প্রথম ধাপে বাংলাদেশের ১২৬ জন রোগীর জিনোম বিশ্লেষণ করা হয়। দ্বিতীয় ধাপে একই অঞ্চলের ১০৫ জন রোগীর জিনোম বিশ্লেষণ করা হয়। এই দুই বিশ্লেষণের ফলাফলের তুলনা করে দেখা যায়, কলেরা রোগের প্রবণতার জন্য দায়ী ব্যাকটেরিয়ার প্রভাবে আক্রান্ত দেহের বিশেষ অঞ্চলের জিনগুলো ক্ষুদ্রান্ত্র থেকে অতিরিক্ত পানি নিঃসরণের সংকেত দেয়। প্রতিবছর ৩০ থেকে ৫০ লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয় এবং অন্তত এক লাখ মানুষের মৃত্যু হয়। হেলথটোয়েন্টিফোর।