কলেরার পূর্বাভাসের কৌশল আবিষ্কার, পুরস্কার পেলেন শফিকুল

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক শফিকুল ইসলাম কলেরা-বিষয়ক গবেষণায় সাফল্যের জন্য সৌদি আরবভিত্তিক সম্মানজনক পুরস্কার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ওয়াটার (পিএসআইপিডব্লিউ) পেয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক।
পিএসআইপিডব্লিউ কর্তৃপক্ষ বলেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আগামী ২ নভেম্বর এক অনুষ্ঠানে বিজয়ীদের এ পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সভাপতিত্ব করার কথা রয়েছে।
পিএসআইপিডব্লিউর সৃজনশীল শাখায় শফিকুল ইসলাম ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের গবেষক রিটা কলওয়েল যৌথভাবে পুরস্কারটি পাচ্ছেন। তাঁরা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে জলজ পরিবেশের ক্লোরোফিলের তথ্য বিশ্লেষণ করে মাস ছয়েক আগে কলেরার প্রাদুর্ভাবের পূর্বাভাস দেওয়ার কৌশল আবিষ্কার করেন।
সমুদ্রবিজ্ঞানী ও অণুজীববিজ্ঞানী রিটা কলওয়েল কৃত্রিম উপগ্রহের তথ্য বিশ্লেষণ করে পূর্ব এশিয়ায় কলেরার প্রাদুর্ভাব ঘটানো ব্যাকটেরিয়ার ছড়িয়ে পড়ার পূর্বাভাস সম্পর্কে একটি মডেল দেন। শফিকুল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কৃত্রিম উপগ্রহের তথ্য ব্যবহার করে বঙ্গোপসাগর এলাকায় রিটার মডেল প্রয়োগের পাশাপাশি আরেকটি মডেল দেন। এ জন্য তাঁদের পুরস্কৃত করা হয়েছে বলে পিএসআইপিডব্লিউ জানিয়েছে।
শফিকুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ইউনিভার্সিটি অব মেইন ও এমআইটিতে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।
২০০২ সাল থেকে সৌদি আরবভিত্তিক এই পুরস্কার দুই বছর পরপর দেওয়া হচ্ছে। এর প্রবর্তন করেন প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ। বিশ্বব্যাপী পানিবিষয়ক গবেষণার মাধ্যমে বিভিন্ন আবিষ্কারের জন্য বিজ্ঞানী ও গবেষকদের স্বীকৃতি জানায় পিএসআইপিডব্লিউ। এবার এই পুরস্কার পাচ্ছেন সাতজন। সৌদি প্রিন্স খালেদ বিন সুলতান বিন আবদুল আজিজ গত ৫ অক্টোবর এবারের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন।