কলোনির বর্জ্যে অতিষ্ঠ আজিমপুরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিমপুরের চারটি সরকারি কলোনির (উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল ও পলাশী) অব্যবস্থাপনার কারণে এই এলাকায় সব সড়কে বর্জ্য স্তূপ হয়ে পড়ে থাকে। এতে দিনভর বাতাসে দুর্গন্ধ ছড়ায়।
গতকাল বুধবার বেলা ১১টায় আজিমপুর সমাজকল্যাণ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ অভিযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান। ‘রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী’ উদ্যাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ড। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন৷
হাসিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ওই চারটি কলোনির বর্জ্য বিভিন্ন সড়কে ফেলছেন কলোনিভিত্তিক কল্যাণ সমিতির নেতারা। কয়েক মাস আগে ডিএসসিসির পক্ষ থেকে প্রতিটি কলোনির ভেতর একটি করে কনটেইনার ও তার চারপাশে ঢাকনার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু কল্যাণ সমিতিগুলোর নেতারা তা রাখতে দেননি।
হাসিবুর রহমান আরও বলেন, ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডে দুটি খেলার মাঠ ও একটি শিশুপার্ক আছে। কিন্তু তা পুরোপুরি খেলাধুলা ও বিনোদনের উপযোগী নয়। এসব মাঠ ও পার্ক সংস্কার করলে মহল্লার শিশু-কিশোরেরা খেলাধুলা করতে পারবে। এ ছাড়া এই ওয়ার্ডে পর্যাপ্ত পাবলিক টয়লেট নেই। এতে নারী-শিশুসহ সবাইকে ভোগান্তি পোহাতে হয়।
কাউন্সিলরের এসব অভিযোগ ও দাবি শুনে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, ডিএসসিসির এই ওয়ার্ডে প্রথম নিজ উদ্যোগে ৪৩টি ক্লোজড সার্কিট ক্যামেরা ও বিনা মূল্যে ওয়াই-ফাইয়ের ব্যবস্থা করেছেন কাউন্সিলর হাসিবুর রহমান। ফলে ডিএসসিসির অন্যান্য এলাকা থেকে এই ওয়ার্ডটি অনেক আধুনিক। স্থানীয় বাসিন্দা ও আজিমপুরের সব কলোনির নেতাদের একসঙ্গে বসে এই সমস্যা দ্রুত সমাধান করতে হবে। সড়ক ও ফুটপাত পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি বলেন, এই ওয়ার্ডের খেলার মাঠ ও পার্কটি সংস্কারে ইতিমধ্যে একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এলাকার বিভিন্ন সড়ক সংস্কার করা হয়েছে। আগামী পাঁচ বছরেও আর কাজ করা লাগবে না। আজিমপুর কবরস্থান ও মসজিদ সংস্কার করা হবে। নতুন করে পর্যাপ্ত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।
সাঈদ খোকন বলেন, কবি-সাহিত্যিক ও বিভিন্ন গুণীজন নামে রাজধানীর বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে। ডিএসসিসির পরবর্তী পরিকল্পনা সভায় তা উপস্থাপন করা হবে। কোনো এলাকার বিখ্যাত কেউ থাকলে ডিএসসিসিকে জানাতে বলা হয়েছে।
ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।