কল্পনা অপহরণের বিচার হলে তনু হত্যাকাণ্ড ঘটত না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি নেত্রী কল্পনা চাকমা অপহরণে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে চট্টগ্রাম নগরে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের নেতা-কর্মীরা। নগরের চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, কল্পনা চাকমা অপহরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের যদি যথোপযুক্ত শাস্তি হতো, তাহলে সেনানিবাসের মতো সুরক্ষিত স্থানে সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড ঘটত না।
গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিনা চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা ও অপহৃত কল্পনার বড় ভাই কালিন্দী কুমার চাকমা।
সোনালী চাকমা বলেন, ১৯৯৬ সালের জুন মাসে কল্পনা চাকমাকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। অপহরণের ২০ বছর পরও রাষ্ট্রযন্ত্র তাঁর কোনো খোঁজ দিতে পারেনি। উল্টো তদন্তের নামে কালক্ষেপণ করে অপহরণকারীদের রক্ষার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, তনু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে পাহাড়েও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু রাষ্ট্র কল্পনার ঘটনার মতো তনু হত্যার ঘটনাও আড়াল করার চেষ্টা চালাচ্ছে। কল্পনা অপহরণকারীদের যদি যথোপযুক্ত শাস্তি দেওয়া হতো, তাহলে তনু হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না।
অপহৃত কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা বলেন, ‘২০ বছরে অনেক তদন্ত কমিটি হওয়ার পরও কোনো কমিটি আমার ছোট বোন কল্পনা চাকমার বিষয়ে সঠিক তথ্য জনসমক্ষে উপস্থাপন করতে পারেনি।’ তিনি অবিলম্বে অপহরণকারীদের গ্রেপ্তার এবং তাদের শাস্তির দাবি জানান।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক আসমা আক্তার, নারী সংহতির সভাপতি ইকরামুন্নেছা, গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক হাসান মারুফ, জাতীয় মুক্তি কাউন্সিলের চট্টগ্রাম অঞ্চলের সংগঠক সামিউল আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নগর সভাপতি লোকেন দে, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াডের সভাপতি জ্ঞানকীর্তি চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিল চাকমা ও আদিবাসী শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি রনেল চাকমা।
সমাবেশে বক্তারা তদন্তের নামে কালক্ষেপণ না করে অবিলম্বে কল্পনা চাকমার অপহরণকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয়।