কল্পনা চাকমা অপহরণ মামলা সিআইডিতে
হিল উইমেন্স ফেডারেশনের তত্কালীন সাধারণ সম্পাদক কল্পনা চাকমা অপহরণ মামলা পুনঃ তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা এ মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদন জমা দিলে রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম মো. শরীফুল ইসলাম এ আদেশ দেন। কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১১ জুন রাতে বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহূত হন। ওই ঘটনায় চলতি বছরের ২১ মে তদন্ত কর্মকর্তা বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক আহমেদ রাঙামাটি বিচারিক হাকিমের আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের ওপর কোনো আপত্তি আছে কি না, তা জানাতে মামলার বাদী কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমাকে মুখ্য বিচারিক হাকিমের আদালতে তলব করা হয়। এরই ধারাবাহিকতায় আদালত মামলাটি পুনঃ তদন্তের এই নির্দেশ দেন।