পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ঘটনায় সিআইডির দেওয়া ‘চূড়ান্ত প্রতিবেদন’ প্রত্যাখ্যান করেছেন মানবাধিকারকর্মী ও আদিবাসীসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা এ ঘটনার বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্তসহ ন্যায়বিচারের দাবি করেছেন। গতকাল শনিবার সকালে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক ও হিল উইমেন্স ফেডারেশন এ মানববন্ধনের আয়োজন করে।এতে সংহতি জানিয়ে আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি হামিদা হোসেন বলেন, সিআইডির এই প্রতিবেদনের মাধ্যমে মূলত অপরাধীদের আড়াল করা হয়েছে। দুই বছর আগেও পুলিশ প্রায় একই ধরনের প্রতিবেদন দিয়েছিল। তদন্তের পুরো কাজটিই করা হয়েছে দায়সারাভাবে। তিনি প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান।তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, কল্পনা চাকমা অপহরণের সঙ্গে যারা যুক্ত, তাদের বিচার ও শাস্তি যাতে নিশ্চিত হয়, সে ব্যাপারে রাষ্ট্রকেই পদক্ষেপ নিতে হবে। কারণ, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সবার নিরাপত্তা নিশ্চিত করা। অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী বলেন, কল্পনা অপহরণের তদন্ত ভিন্ন খাতে নিতে সরকারের বিভিন্ন পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। এ ঘটনার ন্যায়বিচার হবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।মানববন্ধনে সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন, বাংলাদেশ আদিবাসী ফোরামের চৈতালী ত্রিপুরা, মানুষের জন্য ফাউন্ডেশনের তন্দ্রা চাকমা, জাস্টিস ফর বাংলাদেশের এস এম সৈকত, মানবাধিকারকর্মী হানা শামস আহমেদ প্রমুখ।প্রসঙ্গত, উপযুক্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি উল্লেখ করে কল্পনা চাকমা অপহরণ মামলাটি নিষ্পত্তি করে দিতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে সিআইডি। ১৩ জানুয়ারি রাঙামাটির মুখ্য বিচারিক হাকিমের আদালতে এই প্রতিবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে। ১৯৯৬ সালের জুন মাসে রাঙামাটির বাঘাইছড়ির নিজ বাড়ি থেকে অপহূত হন কল্পনা চাকমা। এরপর ১৬ বছর পার হলেও কল্পনার ভাগ্যে কী ঘটেছে, তা এখন পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।