কল্পনা চাকমা অপহরণ মামলার পুনঃ তদন্ত দাবি
কল্পনা চাকমা মরে যাননি। একদিন না একদিন ফিরে আসবেন—এই আশায় অপহূত হওয়ার ১৬ বছর পরও কল্পনার শ্রাদ্ধানুষ্ঠান করেনি পরিবারের লোকজন। মেয়ের পথ চেয়ে কল্পনার বৃদ্ধা মা মারা গেছেন। ভাইয়েরা আজও হারানো বোনের খোঁজে থাকেন। কল্পনার বড় ভাই গতকাল শুক্রবার এক গোলটেবিল বৈঠকে বোনের অপহরণকারীদের বিচারের দাবি জানালেন। প্রত্যাখ্যান করলেন গৎবাঁধা এবং কল্পনার অপরাধীদের চিহ্নিত করতে ব্যর্থ বিভিন্ন সময়ে তৈরি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের তদন্ত প্রতিবেদনের। কল্পনার ভাই কালিন্দী কুমার চাকমার এ দাবির সঙ্গে কল্পনার সংগঠনের কর্মী, দেশের বিশিষ্টজন, গবেষক, রাজনীতিক ও মানবাধিকার কর্মীরা সুর মেলালেন। এর সঙ্গে দাবি করলেন, কল্পনা অপহরণসহ এযাবৎ পাহাড়ে সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহারেরও দাবি করেন তাঁরা। ‘কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের রক্ষার্থে সিআইডির দেওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে’ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল সকালে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এর আয়োজক ছিল পাহাড়ি আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন।কল্পনা চাকমাকে পাওয়া যায়নি, পাওয়ার কোনো লক্ষণ নেই—এই মর্মে গত সেপ্টেম্বরে সিআইডি চূড়ান্ত প্রতিবেদন দেয় রাঙামাটির আদালতে। আগামীকাল রোববার রাঙামাটির মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ প্রতিবেদনের ওপর শুনানি হওয়ার দিন ধার্য আছে। সিআইডির প্রতিবেদন সম্পর্কে কালিন্দী চাকমা বলেন, ‘সিআইডি কর্মকর্তা ঘটনাস্থলে না গিয়ে বাঘাইছড়ি থানায় বসে আমার বক্তব্য নেন। ঘটনার সঙ্গে জড়িত লে. ফেরদৌসসহ অন্যদের নাম বললেও প্রতিবেদনে সবাইকে রক্ষা করা হয়েছে। ভাই হিসেবে এই প্রতিবেদন আমার কাছে গ্রহণযোগ্য নয়।’ সিআইডির এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন বলেন, পার্বত্য চুক্তি পাহাড়িদের শান্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নারী আন্দোলনের মূলধারায় কল্পনার অপহরণের বিষয়টি আজও প্রাধান্য পায় না বলে এ ধরনের আন্দোলনের সমালোচনা করেন বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অর্থনীতিবিদ আনু মুহাম্মদ মত দেন, আদালতের বিচারে নয়, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই কল্পনা চাকমার বিচার পাওয়া সম্ভব হবে।অধ্যাপক আমেনা মোহসীন বলেন, পাহাড়ে প্রতিবাদী আন্দোলনের ধারা মিইয়ে আসছে। এ ক্ষেত্রে কায়েমি স্বার্থবাদী মহলের সঙ্গে ব্যাপক হারে এনজিও তৎপরতার বৃদ্ধির সম্পর্ক আছে। কল্পনার রাজনৈতিক সহযোদ্ধা কবিতা চাকমা বলেন, ‘ইয়াসমিন হত্যার বিচার হলো, কিন্তু কল্পনা পাহাড়ি নারী বলে তাঁর অপহরণের বিচার আজও হলো না।’বৈঠকে স্বতঃপ্রণোদিত হয়ে বিচারকেরা কল্পনা চাকমার অপহরণের বিষয়ে একটি রুল দেবেন—এমন প্রত্যাশা করেন আইনজীবী সারা হোসেন। হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি কণিকা দেওয়ানের সঞ্চালনায় বৈঠকে মূল প্রবন্ধ পড়েন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক এচিং মারমা। আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানস চৌধুরী, জাতীয় মুক্তি কাউন্সিলের ফয়জুল হাকিম, গবেষক সাইদিয়া গুলরুখ প্রমুখ।