পার্বত্য চট্টগ্রামের নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলা তদন্তের সমাপ্তি না টেনে তা অব্যাহত রাখার দাবি জানিয়েছে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি। গতকাল শনিবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
কমিটির পক্ষে শাহদীন মালিকের সই করা এই বিবৃতিতে বলা হয়, কল্পনার দেহ পুলিশ উদ্ধার করতে না পারাকে মামলার তদন্ত স্থগিতের একটা কারণ হিসেবে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন। মামলার তদন্ত স্থগিতের এই সিদ্ধান্ত আশঙ্কার। কারণ কল্পনা চাকমার পরিবার, তাঁর দুই ভাই ও মা বারবার অভিযোগ করে আসছেন যে তাঁরা এই অপহরণ ঘটনার প্রত্যক্ষদর্শী। তাঁদের ভাষ্যমতে, একজন সামরিক কর্মকর্তা ও দুজন গ্রাম পুলিশ কল্পনা চাকমাকে অপহরণের ঘটনা ঘটান।
বিবৃতিতে বলা হয়, যেখানে ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী আছেন, ‘প্রধান তিন সন্দেহভাজন জীবিত আছেন এবং প্রধান সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, সেখানে মামলার তদন্ত স্থগিতের সিদ্ধান্তে আমরা উদ্বিগ্ন।’ এই অবস্থায় কল্পনা চাকমা অপহরণ মামলায় পুনরায় তদন্ত শুরু, প্রধান তিন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ, পর্যাপ্ত ও নিরপেক্ষ তদন্ত করে এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দায়বদ্ধতার আওতায় আনতে সরকারের কাছে দাবি জানিয়েছে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি। বিজ্ঞপ্তি।