কল্পনা চাকমা অপহরণের দিনে সমাবেশের অনুমতি মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্পনা চাকমা অপহরণের দিনে নারী সমাবেশের অনুমতি না দেওয়ায় হিল উইমেন্স ফেডারেশন আগামীকাল শনিবার রাঙামাটিতে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে। পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের একাংশ এ অবরোধ কর্মসূচিতে সমর্থন দিয়েছে।রাঙামাটির কুতুকছড়িতে গতকাল বৃহস্পতিবার ইউপিডিএফের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি দেওয়া হয়। এ ছাড়া আজ শুক্রবার উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ করা হবে। বক্তারা কল্পনা অপহরণ ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশেরও দাবি জানান। প্রশাসন বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। ১৯৯৬ সালের ১২ জুন হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা বাঘাইছড়ির নিউ লাল্যেঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহূত হন।সংবাদ সম্মেলনে হিল উইমেন্সের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কনিকা দেওয়ান অভিযোগ করেন, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার পর প্রথমে সমাবেশের মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) টেলিফোনে আলাপের ভিত্তিতে রাঙামাটি পৌরসভার চত্বরে সমাবেশের অনুমতি দিয়েছিল পৌর কর্তৃপক্ষ। এরপর সংগঠনের পক্ষ থেকে পৌরসভা মিলনায়তনের ভাড়ার টাকাও পরিশোধ করা হয়। কিন্তু গতকাল বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে সমাবেশের অনুমতি না দেওয়ার কথা জানানো হয়।সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক যুব ফোরামের সদস্যসচিব মাইকেল চাকমা অভিযোগ করেন, জনসংহতি সমিতির পক্ষ থেকে সমাবেশের অনুমতি না দেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ অভিযোগ অস্বীকার করে বলেন, হিল উইমেন্সের সমাবেশের প্রস্তুতির বিষয়টি তাঁদের জানা নেই। এ সময় আরও উপস্থিত ছিলেন হিল উইমেন্সের সহসভাপতি নিরূপা চাকমা, রাঙামাটি জেলা আহ্বায়ক জুটিকা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আপ্রুচিং মারমা।