কল্পনা চাকমা অপহরণের ২১ বছরে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়নি
কল্পনা চাকমা অপহরণের ২১ বছর পার হয়েছে। কিন্তু এখনো চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়নি। বিচার প্রক্রিয়া নিয়েও নানা রকম গড়িমসি চলছে। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বক্তারা।
আজ সোমবার ‘কল্পনা চাকমা অপহরণের ২১ বছর, অবিলম্বে অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে হিল উইমেনস ফেডারেশন ও বাংলাদেশ আদিবাসী নেটওয়ার্ক।
বক্তারা আরও বলেন, কল্পনার অপহরণের বিচার নিয়ে রাষ্ট্র কখনোই আন্তরিক ছিল না। আন্দোলনের মুখে বারবার দায়সারা তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। কিন্তু অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত এ প্রতিবাদ চলবে। এ জন্য গণমাধ্যমসহ সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
ব্লাস্টের নির্বাহী পরিচালক আইনজীবী সারাহ হোসেন বলেন, কল্পনা চাকমা সবার অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তাই কণ্ঠ রোধ করার জন্য তাঁকে অপহরণ করা হয়েছে। কল্পনার ঘটনার ক্ষেত্রে বিচার পাওয়ার জন্য সবার অংশগ্রহণ দরকার। এ সময় তিনি উপস্থিত সবাইকে পরবর্তী শুনানির দিন (১৮ জুলাই) আদালতে উপস্থিত থাকার অনুরোধ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন তাঁর সঙ্গে কল্পনা চাকমার বন্ধুত্বের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, কল্পনা অপহরণের মামলায় এখন পর্যন্ত ৩৫ বার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে। তাঁর দুই ভাই টর্চের আলোতে স্পষ্টভাবে অপহরণকারীদের দেখেছেন, অথচ এখনো তদন্তকাজ শেষ হচ্ছে না।
হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি চঞ্চলা চাকমা বলেন, আমরা আন্দোলন করি রাষ্ট্রের অপশাসন, নিপীড়নের বিরুদ্ধে। রাষ্ট্রকে মনে রাখতে হবে, এক কল্পনা অপহরণ হয়ে হাজার কল্পনার জন্ম নিয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ১৯৯৬ সালের ১২ জুন মধ্যরাতে কল্পনাকে নিজ বাড়ি রাঙামাটি জেলার নিউলাল্যাঘোনা গ্রাম থেকে অপহরণ করা হয়। কল্পনা তৎকালীন হিল উইমেনস ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এতে আরও বক্তব্য দেন নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবির, সঞ্জীব দ্রং প্রমুখ।