বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
কল্পনা চাকমার অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান ও রায়ের প্রতিবাদ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কল্পনা চাকমা অপহরণ মামলা চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান ও ১৩ জানুয়ারির রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। গতকাল শুক্রবার উপজেলা প্রশাসনিক মাঠে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করা হয়েছে বলে জানা গেছে।বেলা ১১টায় প্রতিবাদ সমাবেশে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাদ্রি চাকমা, মারিশ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তন্টুমনি চাকমা, বঙ্গলতলী ইউপির চেয়ারম্যান তারুসি চাকমা, সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু চাকমা, অপহূত কল্পনা চাকমান বড় ভাই কালিন্দী কুমার চাকমা, জ্ঞানজীব চাকমা, আপ্রুসি মারমা, অঙ্গত চাকমা প্রমুখ। সমাবেশ শেষে উপজেলার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। বক্তারা বলেন, ১৩ জানুয়ারি নারীনেত্রী কল্পনা চাকমার অপহরণ মামলার রায় ঘোষণা করা হবে। এর আগে সিআইডির মো. শহীদুল্লাহ ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর কল্পনা চাকমার অপহরণ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। সেখানে লে. ফেরদৌস ও তাঁর সহযোগীদের বাদ দেওয়া হয়েছে। তাঁরা এর তীব্র প্রতিবাদসহ এ রায় পাহাড়ি জনগণ মানবে না বলে জানান। হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১২ জুন (১১ জুন মধ্যরাত) রাঙামাটির বাঘাইছড়ি থানাধীন নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহূত হন। আদিবাসীরা অভিযোগ করেন, তৎকালীন বাঘাইছড়ি ইউনিয়নের কচুছড়ি ক্যাম্প কমান্ডার লে. ফেরদৌস ও তাঁর সশস্ত্র সহযোগীদের দ্বারা অপহূত হন কল্পনা চাকমা। পরবর্তীকালে কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা থানায় মামলা করেন।এর আগে ২ জানুয়ারি ইউপিডিএফের সহযোগী সাত সংগঠন সিআইডি রিপোর্ট ও ১৩ জানুয়ারির রায়ের প্রতিবাদ জানিয়েছে। ইউপিডিএফের রাঙামাটি জেলার সমন্বয়ক সোনামনি চাকমার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ বছর পর বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমঞ্চদ ২০১০ সালের ২১ মে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। রিপোর্টে তিনি অপহরণকারীদের শনাক্ত করতে ও কল্পনা চাকমার অবস্থান সম্পর্কে ধারণা দিতে ব্যর্থ হন। মামলার বাদী কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা এই রিপোর্টের বিরুদ্ধে নারাজি আবেদন জানালে আদালত সিআইডি দ্বারা তদন্ত করানোর নির্দেশ দেন।এরপর সিআইডির মো. শহীদুল্লাহ ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর কল্পনা চাকমার অপহরণ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। রিপোর্টে তিনি বলেন, ‘আমার তদন্তকালে উপযুক্ত সাক্ষ্য ও প্রমাণের অভাবে কল্পনা চাকমাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এমনকি তাঁর সঠিক অবস্থানও নির্ণয় করা সম্ভব হয়নি। কল্পনা চাকমাকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে। এই লক্ষ্যে বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ ছাড়াও বাদীপক্ষের এবং এলাকার লোকজনের সহায়তা কামনা করা হয়েছে।’