কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে দুই সদস্য সচিব নিয়োগ
বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের দুটি প্রতিষ্ঠানে সদস্যসচিব নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অবসর সুবিধা বোর্ডের সদস্যসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জ সদরের পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমদ সাদী। কল্যাণ ট্রাস্টে সদস্যসচিব পদে তৃতীয়বার পুনর্নিয়োগ পেয়েছেন আশুগঞ্জ বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এই নির্দেশ জারি করে। গত প্রায় আট মাস ধরে অবসর সুবিধা বোর্ডের সদস্যসচিবের পদ শূন্য রয়েছে। আর কল্যাণ ট্রাস্টের সদস্যসচিবের পদ শূন্য রয়েছে প্রায় দুই মাস। গতকাল বুধবার নবনিযুক্ত দুই সদস্যসচিব সচিবালয়ে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনের সঙ্গে দেখা করেন। সচিব পদাধিকারবলে ওই দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান।
মন্ত্রণালয় সূত্র জানায়, অবসর সুবিধা বোর্ডে বেসরকারি শিক্ষকদের ৪৭ হাজার আবেদন জমা হয়েছে, কল্যাণ ট্রাস্টে জমা হয়েছে ২৪ হাজার আবেদন। তহবিলের অভাবে অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীদের নিয়মিত এই দুটি তহবিল থেকে টাকা দেওয়া হচ্ছে না।