কল্যাণ ট্রাস্টের চেক নয় মাসেও হাতে পাননি
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কল্যাণ ট্রাস্টের ৫৭ হাজার টাকার একটি চেক (নম্বর ০৩২৩৯৩২) নয় মাসেও পাননি নড়াইলের লোহাগড়া উপজেলার অবসরপ্রাপ্ত এক শিক্ষক।উপজেলার নলদী ইউনিয়নের বলাডাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাসকে ওই টাকার চেক হস্তান্তরের জন্য ট্রাস্টের উপপরিচালক (কল্যাণ) মিজানুর রহমান লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) গত ১৩ জানুয়ারি চিঠি দেন।ইউএনও অরুণ কুমার মণ্ডল জানান, ওই শিক্ষক অবসর নিয়েছেন ২০০৮ সালের ৩০ ডিসেম্বর। ২০১০ সালের ২১ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন ট্রাস্টি বোর্ডের ১৯তম সভায় তাঁকে ৫৭ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। চেক হস্তান্তর করতে তাঁকে নয় মাস আগে চিঠি দেওয়া হলেও আজ পর্যন্ত চেক পাওয়া যায়নি। হতদরিদ্র এই শিক্ষক অর্থাভাবে কষ্টে দিন কাটাচ্ছেন। তিনি আরও জানান, এ চেক পাওয়া যায়নি বলে গত ২৯ আগস্ট কল্যাণ ট্রাস্টকে চিঠি দেওয়া হয়েছে। এর আগে গত ২৫ মে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান ট্রাস্টকে চিঠি দিয়েছেন।সুশান্তকুমার বিশ্বাস বলেন, কীভাবে এ চেক পাওয়া যাবে, তা বুঝতে পারছি না।