কল্যাণ রাষ্ট্রের প্রতি সমর্থন ছিল অধ্যাপক মুশার্্রফ হোসেনের। জনকল্যাণকামী অর্থনীতিবিদ তো তিনি ছিলেনই, তার চেয়ে বেশি ছিলেন জনকল্যাণকামী মানুষ। মানুষের প্রতি তাঁর ছিল অসীম ভালোবাসা। বাংলাদেশ অর্থনীতি সমিতির স্মরণসভায় গতকাল বিকেলে এভাবেই অধ্যাপক মুশার্্রফ হোসেনকে মূল্যায়ন করেন বিশিষ্টজন ও বক্তারা। তাঁরা আরও বলেন, স্বাধীন বাংলাদেশে মুশার্্রফ হোসেন প্রথম খাদ্য নিরাপত্তার ও ভূমি সংস্কারের কথা বলেছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন পুষ্টির বিষয়ে। মুক্তিযুদ্ধের যৌক্তিক মনস্তাত্ত্বিক ভিত্তি তৈরির জন্য সক্রিয়ভাবে কাজ করেছেন সেই ষাটের দশকে। অথচ এই দেশপ্রেমিক অর্থনীতিবিদ একুশে পদক বা স্বাধীনতা পদক পাননি। রাজধানীর ইস্কাটন গার্ডেনে সমিতির নিজস্ব মিলনায়তনে আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত। স্বাগত ভাষণ দেন সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধূরী। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ মুক্তিযুদ্ধ চলাকালে মুশার্্রফ হোসেনের সঙ্গে প্রবাসী সরকারের পরিকল্পনা সেলে তাঁর কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, ওই সময় যেসব নীতি-পরিকল্পনা করা হয়, তার অনেক কিছুই স্বাধীন বাংলাদেশে গ্রহণ করা হয়েছিল।বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, মানুষের জন্য মুশার্রফ হোসেনের প্রবল মমত্ববোধ ছিল। স্বাধীন বাংলাদেশে তিনি ও তাঁর সতীর্থরা যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেন, তা ছিল একটি আদর্শ পরিকল্পনা। কিন্তু রাজনীতিবিদ ও আমলারা তা আঁতুড়ঘরেই শেষ করে দেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, মুশার্রফ হোসেন পুষ্টির তথ্য দিয়ে দারিদ্র্য পরিস্থিতি মূল্যায়ন করতেন। বিশ্বব্যাংকের দারিদ্র্য হ্রাসের কৌশলের সমালোচনা করে পাল্টা জবাব দিয়েছেন সেই আশির দশকেই।সাদেকা হালিম আবেগঘন স্মৃতিচারণায় তাঁর পিতৃতুল্য মুশার্রফ হোসেন ও ঘনিষ্ঠ বন্ধুদের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। এই বন্ধুরা হলেন তাঁর পিতা মরহুম ফজলুল হালিম চৌধুরী, অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ, প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী ও বদরুদ্দীন উমর। এসব গুণী মানুষের সান্নিধ্যে তাঁরা বড় হয়েছেন যেখানে মুশার্্রফ হোসেন পরম পিতৃস্নেহে প্রত্যেকের সন্তানকে দেখতেন।সভাপতির ভাষণে আবুল বারকাত বলেন, মুশার্্রফ হোসেন বিদেশি সহায়তার শর্ত নিয়েও চিন্তা করেছেন, প্রবাসী আয়প্রবাহ (রেমিট্যান্স) ব্যবস্থাপনার কথা ভেবেছেন। আরও বক্তব্য দেন আশরাফউদ্দিন চৌধুরী, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক মোস্তফা কামাল মুজেরী, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, কৃষি ব্যাংক ইন্সটিটিউটের অধ্যক্ষ লিয়াকত হোসেন মোড়ল, মাহফুজুল হক, মো. মঈনউদ্দিন প্রমুখ। এ ছাড়া মুশার্রফ হোসেনের দুই ছেলে জাফর হোসেন ও রাজ্জাক হোসেন সংক্ষিপ্ত বক্তব্য দেন।মুশার্রফ হোসেন রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন। স্বাধীন বাংলাদেশের পরিকল্পনা কমিশনের অন্যতম সদস্য ও মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকারের পরিকল্পনা সেলেরও অন্যতম সদস্য ছিলেন। তিনি ১৯৩০ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। আর গত ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে মৃত্যুবরণ করেন।