কল্যাণ সমিতির সদস্য হলেন ২০০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরায় ১৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সদস্যপদ পেয়েছেন নতুন ২০০ সদস্য। এ উপলক্ষে সেক্টরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা ১৩ বাসী’ গতকাল সেক্টরের শাহ গরীব-ই নেওয়াজ অ্যাভিনিউয়ের একটি বাড়িতে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সমিতির প্রবীণ নেতারা নতুন সদস্যদের স্বাগত জানান এবং সেক্টরবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।
কল্যাণ সমিতি সূত্র জানায়, চলতি বছরের ১৫ অক্টোবরের মধ্যে নিবন্ধনকৃত ব্যক্তিরাই আছেন নতুন সদস্যের তালিকায়। বর্তমানে সমিতির সদস্যসংখ্যা ১ হাজার ৪০০। তার মধ্যে নারী সদস্য আছেন প্রায় ৩০০। নতুন সদস্যদের মধ্যে পুরুষ ১৬০ ও নারী রয়েছেন ৪০ জন। অনুষ্ঠানের মাধ্যমে সেক্টরবাসী নতুন সদস্যদের বরণ করে নেন। এতে সভাপতিত্ব করেন ‘আমরা ১৩ বাসী’ সংগঠনের প্রধান উদ্যোক্তা ও সাবেক সচিব আবদুল লতিফ মণ্ডল। অনুষ্ঠানে বক্তারা নতুন সদস্যদের সঙ্গে সেক্টরের নিরাপত্তা, পরিবেশ ও উন্নয়ন বিষয়ে মুক্ত আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ১৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হারুন-আর রশিদ, সাবেক সভাপতি হুমায়ূন আলী, শাহাদত আলী এবং সেক্টরবাসীর প্রতিনিধি হিসেবে ছিলেন সাবেক সচিব নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, শাহনাজ পান্না, কাজী আসমা হকসহ আরও অনেকে।