কল্যাণকে রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামকে গাড়িধাক্কা দেওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কল্যাণ কোরাইয়ার তিন দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আজ বুধবার কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক খান তাঁকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

কল্যাণ বর্তমানে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় রয়েছেন। বিকেলে ঢাকার মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে এ রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, কল্যাণ কোরাইয়া এই মামলার আসামি। তিনি কলাবাগান থানার বসুন্ধরা সিটি শপিং মলের উল্টো দিকের রাস্তার ফার্নিচার মার্কেটের সামনে তাঁর গাড়ি দিয়ে জিয়া ইসলামকে সজোরে ধাক্কা মারেন। তিনি গাড়ির সামনের ও পেছনের আলো নিভিয়ে পরিকল্পিতভাবে ঘটনাস্থল ত্যাগ করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তাঁর জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার মূল রহস্য উদ্‌ঘাটনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা শপিংমলের সামনের সড়কে একটি গাড়ি জিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর জিয়া অচেতন অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সংকটাপন্ন অবস্থা দেখে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। চিকিৎসকেরা জানান, তাঁর একটি পা ভেঙে গেছে। তবে সবচেয়ে গুরুতর হলো মাথার আঘাত।

গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে জিয়া ইসলামকে অ্যাম্বুলেন্সে করে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় চার ঘণ্টা ধরে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে। তবে পর্যবেক্ষণের সময় বাড়তে পারে। আজ সকাল ১০টার দিকে তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা বলেন, জিয়া ইসলামের অবস্থা অপরিবর্তিত আছে।

এ ঘটনায় গতকাল কলাবাগান থানায় মামলা করেন প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব.) সাজ্জাদুল কবীর। এই মামলায় কল্যাণ কোরাইয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কল্যাণ বিজ্ঞাপনের মডেল ও অভিনয় পেশার সঙ্গে যুক্ত।

প্রায় দুই দশকের সাংবাদিকতা জীবনে বহুবার হামলা ও দুর্ঘটনায় শিকার হয়েছেন জিয়া ইসলাম। এর মধ্যে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় তিনি আহত হয়েছিলেন। আহত হলেও তিনি ক্যামেরা ছাড়েননি। ২১ আগস্ট হামলার বহুল প্রচারিত ছবিগুলোর বেশির ভাগই জিয়া ইসলামের তোলা।

 আরও পড়ুন :