কল্যাণপুর খাল আবর্জনায় ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কল্যাণপুরের খালটির দুরবস্থা৷ দুই পাশের দোকানপাটের বর্জ্য খালে ফেলা হচ্ছে৷ তাতে খাল হয়ে গেছে সরু নালার মতো l ছবি: প্রথম আলো
কল্যাণপুরের খালটির দুরবস্থা৷ দুই পাশের দোকানপাটের বর্জ্য খালে ফেলা হচ্ছে৷ তাতে খাল হয়ে গেছে সরু নালার মতো l ছবি: প্রথম আলো

দুপাশে সারি সারি দোকান। আছে লোকবসতিও। যত রকমের আবর্জনা সবই ছড়িয়ে আছে। আবর্জনা পচে পানি কুচকুচে কালো। কিছু কিছু জায়গায় প্রবাহ বন্ধ। শ্যামলী কাজি অফিসের পাশে কল্যাণপুরের খালটি দূষণে-দখলে বিপন্ন। এলাকাবাসীর অভিযোগ, খালটি নিয়মিত পরিষ্কার করা হয় না।
গতকাল সোমবার দুপুরে গিয়ে দেখা যায়, ওয়াসার অধীন এ খালের দুপাশের জায়গা দখল করে গড়ে উঠেছে প্রায় অর্ধশত দোকান। এর মধ্যে রয়েছে শাকসবজি, মাছ-মুরগি, মুদিখানা, লোহা-লক্কড়, খাবার হোটেল ইত্যাদি। দোকানের যত ময়লা-আবর্জনা সব খালেই ফেলা হচ্ছে। মুরগি রাখার ভাঙা একটি খাঁচা পড়ে আছে খালের মধ্যে। পচা শাকসবজি, পেঁয়াজ-রসুনের খোসা, প্লাস্টিকের বিভিন্ন প্যাকেটে সয়লাব পুরো খালটি। খালের পানি ময়লায় কালো হয়ে গেছে। ছড়াচ্ছে দুর্গন্ধ। খালটিও অনেক সরু।
দেখা গেল একটি দোকান মেরামতের কাজ চলছে। পুরোনো বাঁশ-কাঠ, ভাঙাচোরা অংশ সবই ফেলা হচ্ছে খালের মধ্যে। এভাবে খালে আবর্জনা ফেলছেন কেন, জানতে চাইলে দোকানি মো. আজাদ বলেন, ‘দোকান ঠিক করতাছি। ময়লা কই ফেলুম?’ তবে তিনি জানালেন, কালেভদ্রে খাল যতটুকু পরিষ্কার করা হয়, তা দোকানদারেরাই নিজ উদ্যোগে করে থাকেন। ওয়াসা থেকে ময়লা পরিষ্কার করতে নাকি কেউ আসেন না।
কল্যাণপুরের এ খালটি শ্যামলী কাজি অফিস-সংলগ্ন ২ নম্বর সড়কের সঙ্গেই। খাল ধরে সোজা এগোলে বস্তি। এই অংশটুকুতে খালের পাশে আবর্জনা স্তূপাকার হয়ে আছে। সেখানে পানিপ্রবাহও বন্ধ। বস্তির সব ময়লা-আবর্জনা খালের ভেতরেও ফেলা হচ্ছে। বস্তিবাসী সায়রা খাতুনকে প্রশ্ন করা হয় খালে আবর্জনা ফেলার ব্যাপারে। তিনি বলেন, ‘সবাই তো ফালায়। আর কই ফেলব। কেউ তো পরিষ্কারও করে না।’
খালের দুই পাড়ে যাতায়াতের জন্য একটু পর বেশ কয়েকটি সিমেন্টের স্লাব বসানো হয়েছে। আশপাশের দোকানিরা বললেন, ওয়াসার অনুমতি নিয়েই তাঁরা এ ব্যবস্থা করেছেন। খালটিও চারদিক বাঁধাই করা।
এ প্রসঙ্গে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান বলেন, ‘নাব্যতা ঠিক রাখার কাজ আমাদের, পরিষ্কার পরিচ্ছন্নতা না। বছরে একবার বর্ষার আগে আমরা পানিপ্রবাহ ঠিক রাখার জন্য কাজ করি।’