রাস্তা থেকে ঠিক চোখে পড়ে না। ক্রাচ-বেডপ্যানের দোকানগুলোর আড়ালে পড়ে গেছে খালটি। দুটি দোকানের মাঝ দিয়ে এগোতেই চোখে পড়ে কুচকুচে কালো পানি। তাতে ভাসছে প্লাস্টিকের প্লেট, স্যালাইনের ব্যাগ, পলিথিন, পচা সবজিসহ অজস্র আবর্জনা। পথ দেখিয়ে নিয়ে আসা রতন বললেন, ‘খাল আর নাই, এইডা ড্রেন।’
কল্যাণপুর খালের শেরেবাংলা নগর অংশে পুরোটাই আবর্জনায় সয়লাব। কুচকুচে কালো পানিতে ভাসছে হাসপাতাল আর গৃহস্থালির বর্জ্য। এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন ধরে খালটি পরিষ্কার করা হয় না।
কল্যাণপুর খালের একটি ধারা আগারগাঁও-শেরেবাংলা নগর এলাকার ওপর দিয়ে বয়ে গেছে। খালের দুই পাড় বাঁধানো। পঙ্গু হাসপাতালের পাশ দিয়ে বয়ে যাওয়া অংশের দুই পাশেই বস্তি। গত সোমবার গিয়ে দেখা যায়, আবর্জনায় খালের এ অংশে পানিপ্রবাহ প্রায় বন্ধ। কালো ও দুর্গন্ধযুক্ত পানিতে দিনের আলোতেই মশা ভনভন করছে। বাসিন্দাদের একজন জেসমিন বেগম বলেন, বস্তির অধিবাসীরা প্রতিবছর দুবার নিজেরা চাঁদা তুলে খাল পরিষ্কার করেন। তিনি বলেন, ‘সরকার তো কইরা দেয় না। আমরা যখন থাকি, আমাগোরই পরিষ্কার রাখন লাগে।’
রাস্তার উল্টোপাশে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট-সংলগ্ন অংশেও খালটি আবর্জনায় ভর্তি। এখানে খালের এক পাশে বস্তি। রাস্তার এপার-ওপার কোনো অংশেই খালের পাড় ঘেঁষে বেড়া বা রেলিং নেই। বস্তির বাসিন্দারা বললেন, প্রায়ই শিশুরা খেলতে গিয়ে খালে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। খালের দুই অংশেই কিছু অস্থায়ী দোকানও গড়ে উঠেছে।
কল্যাণপুর খালটি ওয়াসার তত্ত্বাবধানে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান প্রথম আলোকে বলেন, নাব্যতা বজায় রাখতে প্রতিবছর বর্ষাকালের আগে একবার খাল পরিষ্কার ও দখল উচ্ছেদ করা হয়। এ বছরও হবে। তখন আর আবর্জনা-দখলের সমস্যা থাকবে না।