কল্যাণপুর খাল দখলমুক্ত করতে ওয়াসার অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুর খাল দখলমুক্ত করতে গতকাল সোমবার অভিযান চালিয়েছে ঢাকা ওয়াসা। অভিযানে খালের দুই পাড়ের ২০ বাড়ির অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়া হয়। এগুলোর মধ্যে মুক্তি হাউজিংয়ের পাঁচটি বাড়িও রয়েছে।ওয়াসা সূত্র জানায়, চলতি বছর নগরের ১০টি খাল দখলমুক্ত করার লক্ষ্যে এ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে এ অভিযান চলবে।সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার দিকে ওয়াসার উচ্ছেদকারী দল শেওড়াপাড়ার কাছে মধ্য পীরেরবাগ থেকে খাল দখলমুক্ত করার অভিযান শুরু করে। বাড়ির মালিকেরা অভিযোগ করেন, উচ্ছেদ অভিযানের আগে নোটিশ দেওয়া হয়নি। কেউ কেউ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পুনরায় তাঁদের জমি মাপার অনুরোধ জানান। তবে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটরা জানান, সব নিয়ম মেনেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।ওয়াসার হিসাবে, ওই খালের দুই পাড়ে অবৈধ বাড়ির সংখ্যা ৩৭টি। কয়েক দফা জরিপের ভিত্তিতে এসব বাড়ি চিহ্নিত করা হয়। অবৈধ অংশ সরিয়ে নিতে বাড়ির মালিকদের কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। অবৈধ অংশে দেওয়া হয়েছে লাল চিহ্ন। কিন্তু এ বিষয়ে তাঁরা ব্যবস্থা নেননি।ঢাকা ওয়াসার ম্যাজিস্ট্রেট কাজী ওয়াসিউদ্দিন বলেন, ওয়াসার খাল উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। খাল দখলমুক্ত করে দুই পাড়ে হাঁটার পথ তৈরি এবং গাছ লাগানো হবে। এলাকাভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে খাল সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট আল আমিন বলেন, ‘ঢাকা শহরের খালগুলো দখলমুক্ত করা একটি চলমান প্রক্রিয়া। এর আগেও আমরা অভিযান চালিয়েছি। এ পর্যায়ে আবার অভিযান শুরু হয়েছে। জরিপের মাধ্যমে এই খালের দুই পাড়ে ৩৭টি অবৈধ বাড়ি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই আমরা অপসারণ করতে পেরেছি।’ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী শেখ মো. রুহুল আমিন জানান, ওই ৩৭টি বাড়ির মধ্যে গতকাল ২০টির অবৈধ অংশ ভেঙে ফেলা হয়েছে। মঙ্গলবার একই এলাকায় অভিযান চলবে।ওয়াসা সূত্র জানায়, ওয়াসা পরিচালিত এ অভিযানে সহায়তা করে ঢাকা জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ওয়াসার ম্যাজিস্ট্রেট কাজী ওয়াসিউদ্দিন ও জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট আল আমিন। ভূমি অফিসের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন। বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চলে।