কল্যাণপুর বস্তির বাসিন্দারা স্থায়ী পুনর্বাসন চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্যাণপুর বস্তি থেকে উচ্ছেদ করা হলে স্থায়ী পুনর্বাসন চান এর বাসিন্দারা। গতকাল বুধবার কল্যাণপুর নতুন বাজারসংলগ্ন এইচবিআরআই (বেলতলী) মাঠে বিশ্ব বসতি দিবস ও বিশ্ব নগর দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এই দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, বস্তির বাসিন্দারাও দেশের নাগরিক। এখানে বসবাস করার অধিকার বাসিন্দাদের আছে। কল্যাণপুর বস্তিতে বর্তমানে প্রায় ৩ হাজার পরিবারের প্রায় ১৪ হাজার বাসিন্দা বসবাস করছেন। বস্তিগুলোতে নদীভাঙনের কবলে পড়ে সহায়-সম্বলহীন লোকজনের সংখ্যা বেশি। দেশের পোশাকশিল্প, নিরাপত্তারক্ষা ও বাড়িঘর দেখাশোনার বেশির ভাগ কাজ করে থাকেন এই বাস্তির বাসিন্দারা। তাই উচ্ছেদের আগে বাসিন্দাদের পুনর্বাসন করা প্রয়োজন। ‘গৃহায়ণই উন্নয়নের কেন্দ্র’ বিষয়কে সামনে রেখে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
যত দিন এখানকার বাসিন্দাদের পুনর্বাসন করা না হয়, তত দিন তাঁরা সভা-সমাবেশ চালিয়ে যাবেন বলে বক্তারা জানান। তাঁরা নিজেদের দাবি আদায়ের জন্য বড় পরিসরে আন্দোলনের চিন্তা শুরু করেছেন। এ সময় পুনর্বাসন ছাড়া বস্তির বাসিন্দাদের উচ্ছেদ না করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান বস্তি উন্নয়নসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা। যৌথভাবে সমাবেশের আয়োজন করে নগর বস্তিবাসী উন্নয়ন সংস্থা, নগর দরিদ্র বস্তিবাসী উন্নয়ন সংস্থা, বস্তিবাসী অধিকার সুরক্ষা কমিটি এবং বাংলাদেশ বস্তিবাসী ইউনিয়ন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, গ্রাম থেকে বাধ্য হয়েই কম আয়ের লোকজন শহরে আশ্রয় নেন। শহুরে মানুষের মতো জীবন নিয়ে থাকতে হলে পয়োনিষ্কাশন, বিদ্যুৎ ও পানির সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন। এ জন্য পানি ও বিদ্যুতের দাম এখানকার বাসিন্দারের জন্য সহনশীল অবস্থায় আনতে হবে। পুনর্বাসন ছাড়া এখানকার বাসিন্দাদের উৎখাত করা ঠিক হবে না। এ জন্য বাসিন্দাদের জমির মালিকানার ব্যবস্থা করা প্রয়োজন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন কাদের খান, আমরাও নাগরিকের আহ্বায়ক সাইদুর রহমান, ইউএন হেবিটেডের কান্ট্রি ডিরেক্টর আক্তারুজ্জামান। সমাবেশে সভাপতিত্ব করেন কল্যাণপুর পোড়া বস্তির সিবিও সভাপতি আবুল কালাম।