রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নয়জন জঙ্গি গুলিতে নিহত হয়েছিল বলে ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই হামলার প্রায় এক বছর পর গতকাল শনিবার এই ময়নাতদন্তের প্রতিবেদন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে পুলিশের কাছে দেওয়া হয়েছে।
গত বছরের ২৬ জুলাই ভোরে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের সোয়াট দল কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামে পরিচিত তাজ মঞ্জিলের জঙ্গি আস্তানায় অভিযান চালায়। এ সময় নয়জন জঙ্গি ঘটনাস্থলে গুলিতে নিহত হয়।
নয়জন জঙ্গির ময়নাতদন্তের প্রতিবেদনের সঙ্গে যুক্ত ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, নয়জন জঙ্গির প্রত্যেকে গুলিতে নিহত হয়েছে। তাদের প্রত্যেকেরই শরীরে তিন-চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
নিহত জঙ্গিদের মধ্যে আটজনের আঙুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিভাগের সহায়তায় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত হয়। নিহত জঙ্গিরা হলো ঢাকার গুলশানের আকিফুজ্জামান খান, বারিধারার সেজাদ রউফ অর্ক, ধানমন্ডির তাজ-উল-হক রাশিক, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আবদুল্লাহ, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার আবু হাকিম নাইম, সাতক্ষীরার তালা উপজেলার মতিউর রহমান, নোয়াখালীর সুধারামের মাইজদী এলাকার জোবায়ের হোসেন ও রংপুরের পীরগাছা উপজেলার পুরশুরা এলাকার রায়হান কবির ওরফে তারেক ওরফে ফারুক। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
নয়জন জঙ্গির বিরুদ্ধে মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলাটি তদন্ত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম বিভাগ (সিটি)। তারা বলেছে, শনাক্ত হওয়া আট জঙ্গির লাশ তাদের পরিবার নেয়নি। নয়জন জঙ্গির লাশ গত বছরের ২৮ সেপ্টেম্বর বেওয়ারিশ হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা সিটির উপকমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম খান গতকাল প্রথম আলোকে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কল্যাণপুরে নিহত জঙ্গিরা ক্যাপটাগন বা এজাতীয় অন্য কোনো উত্তেজক মাদক সেবন করেনি। জঙ্গিদের রক্তের নমুনা ও চুলের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনে এ ফল পাওয়া গেছে।