কল্যাণপুরে গ্রেপ্তার রাকিবুল সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরের তাজ মঞ্জিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানকালে পালানোর সময় গ্রেপ্তার জঙ্গি রাকিবুল হাসানকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
রাকিবুলকে গতকাল রোববার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তাজ মঞ্জিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। শুনানি শেষে মহানগর হাকিম সত্যব্রত শিকদার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে দেওয়া রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৬ জুলাই তাজ মঞ্জিলে অভিযানে নয়জন জঙ্গি নিহত হয়। সেখান থেকে পালানোর চেষ্টাকালে আহত ও গুলিবিদ্ধ অবস্থায় রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সমর্থক ও সদস্য। তাঁদের অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরকদ্রব্য ও প্রশিক্ষণ এবং সহায়তার মাধ্যমে জঙ্গি হামলার উদ্দেশ্যে সেখানে জড়ো করা হয়।