'ত্বরিত ব্যবস্থা ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করেছে'
রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ত্বরিত পদক্ষেপ নেওয়ার ফলে একটা বিরাট, ভয়াবহ পরিস্থিতি থেকে দেশ রক্ষা পেয়েছে। কল্যাণপুরের ঘটনায় নিহত সন্ত্রাসীরা নাশকতা ঘটানোর জন্য তৈরি ছিল।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা জানান।
আজ ভোরে পুলিশ কল্যাণপুরের ৫ নম্বর সড়কের জাহাজ বিল্ডিংয়ে অভিযান চালায়। এতে ওই ভবনের পাঁচতলায় পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এক ঘণ্টার এই অভিযানে নয় জঙ্গি নিহত হয়।
এ ব্যাপারে শেখ হাসিনা বলেন, কল্যাণপুরে সন্ত্রাসীরা কিছু ঘটনা ঘটাবে বলে প্রস্তুতি নিয়েছিল। গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়েছে। মধ্যরাতে ঘেরাও করা হয় এবং ভোর পাঁচটায় অপারেশন চালানো হয়। নয়জন সন্ত্রাসী মারা গেছে, একজন আহত অবস্থায় ধরা পড়েছে, একজন পালিয়ে গেছে। অত্যন্ত সফলতার সঙ্গে অপারেশন চালানো হয়। এরা (সন্ত্রাসীরা) যেকোনো ধরনের নাশকতা ঘটানোর জন্য তৈরি হয়েছিল।
সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ইদানীং শুরু হয়েছে ধর্মের নামে মানুষ হত্যা। পবিত্র ধর্ম ইসলাম। ইসলাম শান্তির কথা বলে, সৌহার্দ্যের কথা বলে, অন্য ধর্মকে সম্মান করার কথা বলে, যা পবিত্র কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা আছে। অথচ এরা ধর্মের নাম নিয়ে মানুষ খুন করে। কত নৃশংসভাবে মানুষ হত্যা করে তারা, তা অকল্পনীয়। এ নতুন উপসর্গ যেকোনোভাবে মোকাবিলা করতে হবে।
গুলশানের ঘটনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সেখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ত্বরিত সিদ্ধান্ত নিয়েছিল বলে আমরা সফলভাবে কয়েক ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের হামলার মোকাবিলা করতে সক্ষম হয়েছি।’
সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের একটা নীতি আছে, আমরা যেকোনো সন্ত্রাস-জঙ্গির স্থান বাংলাদেশে হতে দেব না। বাংলাদেশে সন্ত্রাসের ঠাঁই হবে না। সন্ত্রাস অবশ্যই মোকাবিলা করতে হবে, প্রতিরোধ করতে হবে। মানুষের জীবন নিরাপদ করতে হবে। আমরা চাই না, আমাদের দেশটা সন্ত্রাসের অভয়ারণ্য হোক।’
সন্ত্রাস মোকাবিলায় জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, তৃণমূল থেকে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে কোথায়, কারা সন্ত্রাস করছে, তাদের খুঁজে বের করতে হবে। একই সঙ্গে কোমলমতি শিক্ষার্থীরা যেন সঠিক শিক্ষা পায়, সে জন্য শিক্ষক, অভিভাবকদের সহায়তা করা দরকার। সন্ত্রাস মোকাবিলায় জেলা প্রশাসকদের বিরাট দায়িত্ব রয়েছে। ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে সন্ত্রাসের বিরুদ্ধে একটা অবস্থা তৈরি করতে হবে। সর্বোচ্চ মেধা, শ্রম ও ঐক্য নিয়ে এই সন্ত্রাসকে রুখতে হবে।
উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই। সে জন্য আমাদের স্ব স্ব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। জেলা প্রশাসক হিসেবে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুদায়িত্ব পালন করেন আপনারা।’
শেখ হাসিনা বলেন, ‘প্রতিটি এলাকার মানুষের জীবনে উন্নয়নের ছোঁয়া লাগুক। লক্ষ্য, দেশে কোনো মানুষ গৃহহারা থাকবে না। ক্ষুধার্ত থাকবে না, বিনে চিকিৎসায় মারা যাবে না, উন্নত শিক্ষা-চিকিৎসা পাবে। প্রতিটি ছেলেমেয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমদ, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, রাজবাড়ী জেলা প্রশাসক বেগম জিনাত আরা, সুনামগঞ্জের জেলা প্রশাসক রফিকুল ইসলাম প্রমুখ।