কল্যাণপুরে বিস্ফোরণ, আহত পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে আজ বুধবার সন্ধ্যায় মিজান টাওয়ারের পাশে ম্যানহোলে বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।

বিস্ফোরণে ম্যানহোলের ওপরে থাকা স্লাবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ফায়ার সার্ভিসেস ও পুলিশ কর্মকর্তারা বলেছেন, ম্যানহোলে জমে থাকা গ্যাসের চাপে এ বিস্ফোরণ ঘটে। তারা বলেন, মিজান টাওয়ারের পূর্ব পাশ ঘেঁষে বয়ে যাওয়া স্যুয়লেজ লাইনের ওপর ঢালাই করে স্লাব বসানো হয়েছে। সেখানে আলো বাতাস চলাচলের কোনো ব্যবস্থা রাখা হয়নি। এতে বিষাক্ত গ্যাস জমে যায়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসেস সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে মিজান টাওয়ারের পূর্ব কোণে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় স্যুয়রেজ লাইনের ওপর স্লাবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে আছড়ে পড়তে থাকে। এতে পথচারী ও স্যুয়রেজ লাইন লাগোয়া মিজান টাওয়ারের নিচতলায় দোকানিসহ অন্তত পাঁচজন আহত হন। বিস্ফোরণে মিজান টাওয়ারের দোকান ক্ষতিগ্রস্ত না হলেও দোকানের নিচের কিছু অংশের রড ও সুরকি সরে গেছে। এ সময় বহুতল এ ভবনের বাসিন্দারা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা সবাই ছুটোছুটি করে নিচে নামেন। খবর ফেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বিদ্যুত বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ভবনটির সামনের সড়কের একপাশ বন্ধ করে দেন। এ সময় ভবনের বিদ্যুত সংযোগ বন্ধ করে দেওয়া হয়। সেখানে উত্সুক লোকজন ভিড় করে। পরে কর্মকর্তারা ভবনটির ভেতরে ফাটলের চিহ্ন পাননি। তাঁরা পরীক্ষা করে নিশ্চিত হন স্যুয়ারেজ লাইনের ওপর স্থায়ী স্লাব বসানোয় গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটে। ওই স্যুয়ারেজের সঙ্গে মিজান টাওয়ারের স্যুয়ারেজের সংযোগ।
মিজান টাওয়ারের দোতলার এক আইনজীবীর চেম্বারের সহকারী মুজাহিদ হোসেন সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণের শব্দে ভবনটি কেঁপে ওঠে। তিনি বলেন, ‘হঠাত্ বিস্ফোরণে শব্দ শুনি। নিচতলায় দেওয়াল, পিলার এবং মেঝে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু অংশ গর্তও হয়ে যায়।’
১২ তলার মিজান টাওয়ারের নিচের কয়েকটি তলায় দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, ওপরে আবাসিক ফ্ল্যাট।
রাত ১০ টায় ঘটনাস্থলে উপস্থিত মোহাম্মদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল আলীম প্রথম আলোকে বলেন, বিস্ফোরণের উত্স খুঁজে পাওয়া গেছে। ভবনে ফাটল ও কাত হওয়ার গুজব থাকলেও তার সত্যতা মেলেনি। রাত ১০ টার ভবনটিতে বিদ্যুত সংযোগ দেওয়া হয় এবং রাস্তাটি খুলে দেওয়া হয়।