কল্যাণপুরের জঙ্গি নিয়ে সন্দেহকারীরা জঙ্গি-সন্ত্রাসের পক্ষে
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির শীর্ষ কয়েকজন নেতাকে ইঙ্গিত করে বলেছেন, কল্যাণপুরের অভিযানে নিহত ব্যক্তিরা জঙ্গি কি না, এ নিয়ে যাঁরা সন্দেহ করেন, তাঁরা জঙ্গিবাদ ও সন্ত্রাসের পক্ষে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, যারা ২০১৩ সালে জঙ্গি তৎপরতা চালিয়ে ব্যবসা ব্যবসা-বাণিজ্যের ক্ষতি করেছে, ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার ২৪ জন সদস্যকে হত্যা করার পাশাপাশি ২০১৫ সালে ৯৩ দিন আগুন-সন্ত্রাস করেছে, তারাই আজ এসব কার্যকলাপ করে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে এরা কোনো দিন সফল হবে না।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জিম্মিদের উদ্ধার ও কল্যাণপুরের জঙ্গি প্রস্তুতি মোকাবিলার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে ১১টি দেশ অর্থনীতির শীর্ষ কাতারে চলে যাবে। বাংলাদেশ এর মধ্যে অন্যতম। ধারাবাহিক সাফল্যের কারণে আন্তর্জাতিক বিশ্ব আমাদের সম্পর্কে এমন ভবিষ্যদ্বাণী করছে। কিন্তু এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেশে জঙ্গি ও সন্ত্রাসী কার্যকলাপ চালানোর চেষ্টা হচ্ছে।
বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ এ কে এম শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, হোসনে আরা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী নিট শিল্প-কারখানার মৃত ৮০ শ্রমিকের পরিবারের স্বজনদের মধ্যে দুই লাখ টাকা করে বিমা চেক তুলে দেন।
এর আগে বাণিজ্যমন্ত্রী শহরের চানমারী এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ভবন পরিদর্শন করে নিট শিল্পের বিভিন্ন কোর্সের প্রশিক্ষণের উদ্বোধন করেন।