কল্যাণপুরের নয় জঙ্গির ডিএনএ পরীক্ষার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত নয় জঙ্গির ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে পুলিশের পক্ষ থেকে ওই নয় জঙ্গির ডিএনএ পরীক্ষা করার অনুমতির জন্য আদালতে আবেদন করা হয়।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, কল্যাণপুরে নিহত নয়জনের পরিচয় শনাক্ত করার জন্য তাদের ডিএনএ পরীক্ষা করানোর অনুমতি দিয়েছেন আদালত। এ ছাড়া নয় জঙ্গির ডিএনএ প্রোফাইল সংরক্ষণের অনুমতি দিয়েছেন আদালত। পাশাপাশি নয় জঙ্গির রক্ত, অস্থিমজ্জা ও মলমূত্র সংরক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর আলম নয় জঙ্গির ডিএনএ পরীক্ষা করানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত ও আহত সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে করা মামলায় আগামী ১৯ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
গত মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানকার একটি বাসায় এক ঘণ্টার অভিযানে নয়জন নিহত ও একজন আহত হন। পুলিশ বলছে, সবাই জেএমবির সদস্য। ঘটনার দিন রাতে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ ও বিশেষায়িত বাহিনী সোয়াতের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ভোর ৫টা ৫১ মিনিটে সোয়াতের নেতৃত্বে অভিযান শুরু হয়। এক ঘণ্টার অভিযানে গুলিবিনিময়কালে নয়জন জঙ্গি ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনায় মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক শাহজালাল আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।